Delhi High Court: ‘শান্তিতে থাকার অধিকার রয়েছে ওঁদের’, নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে বাধ্য নন বাবা-মা, বড় পর্যবেক্ষণ আদালতের

Delhi High Court on Senior Citizen Property Right: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ২০০৭ সালের মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট-এর আওতায় জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর আবেদন ছিল, নিজের সম্পত্তি থেকে বড় ছেলে ও পুত্রবধূকে সরিয়ে দেওয়া হোক। পাশাপাশি, তাঁদের কাছ থেকে ভরণপোষণও দাবি করেছিলেন তিনি।

Delhi High Court: শান্তিতে থাকার অধিকার রয়েছে ওঁদের, নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে বাধ্য নন বাবা-মা, বড় পর্যবেক্ষণ আদালতের
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

Nov 24, 2026 | 8:58 AM

নয়া দিল্লি: বাড়ি নিজের, অথচ সেখানেই নিজের ইচ্ছেমতো থাকার অধিকার থাকবে না? বয়সের ভারে নুয়ে পড়া বাবা-মাকে যদি নিজের বাড়িতেই সন্তানদের দুর্ব্যবহার ও হেনস্থার শিকার হতে হয়, তাহলে তাঁদের সুরক্ষার দায়িত্ব কার? এই প্রশ্নেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে কোনও প্রবীণ নাগরিককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা যায় না। ৮৫ বছরের এক বৃদ্ধের আবেদনে তাঁর ছেলে ও পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের বক্তব্য, নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে ওই বৃদ্ধের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ২০০৭ সালের মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট-এর আওতায় জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁর আবেদন ছিল, নিজের সম্পত্তি থেকে বড় ছেলে ও পুত্রবধূকে সরিয়ে দেওয়া হোক। পাশাপাশি, তাঁদের কাছ থেকে ভরণপোষণও দাবি করেছিলেন তিনি। কিন্তু বৃদ্ধের অভিযোগ, তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগের যথেষ্ট প্রমাণ মেলেনি, এই যুক্তিতে অভিযোগটি খারিজ করে দেন জেলাশাসক। দুই ছেলের মধ্যে ব্যবসায়িক বিবাদ মেটাতেই ওই বৃদ্ধ আইনের অপব্যবহার করছেন বলেও পর্যবেক্ষণ ছিল জেলাশাসকের।

এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রবীণ নাগরিক। ২০ নভেম্বর বিচারপতি অমিত মহাজন এই মামলায় নির্দেশ দিতে গিয়ে জানান, কোনও প্রবীণ নাগরিককে তাঁর নিজের বাড়িতে সন্তানদের সঙ্গে থাকতে বাধ্য করা যায় না। বিশেষত যখন তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে ২০২২ সাল থেকে আইনি লড়াই চালাতে হচ্ছে এবং আদালতের নির্দেশে পুলিশের সাহায্যও নিতে হয়েছে।

বিচারপতির কথায়, ৮৫ বছর বয়সে নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করার অধিকার রয়েছে ওই বৃদ্ধের। তাঁর দুই ছেলের মধ্যে ব্যবসায়িক বিবাদ রয়েছে বলেই বাবার অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা যায় না। সেই কারণ দেখিয়ে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য তৈরি আইন থেকেও তাঁকে বঞ্চিত করা যায় না।

আদালত আরও জানায়, বাড়ির চার দেওয়ালের মধ্যে প্রবীণ নাগরিকদের উপর হেনস্থা বা দুর্ব্যবহারের ঘটনা ঘটলে তা প্রমাণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আদালতের পর্যবেক্ষণ, নিজের সম্পত্তি থেকে সন্তানদের সরানোর আবেদন জানালেই যে প্রবীণ নাগরিককে শারীরিক বা মানসিক নির্যাতনের প্রমাণ দিতে হবে, এমন নয়। নিজের সম্পত্তি সুরক্ষিত রেখে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে চান, সেটাই যথেষ্ট।

মামলায় ওই বৃদ্ধের অভিযোগ ছিল, ২০০৮ সালে তাঁর ছোট ছেলের বিয়ের পর থেকেই বড় ছেলে ও পুত্রবধূকে অন্যত্র থাকার ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। কিন্তু তাঁরা বাড়ি ছেড়ে যেতে রাজি হননি। বরং সময়ের সঙ্গে তাঁর প্রতি তাঁদের আচরণ আরও খারাপ হতে থাকে। এমনকী আর্থিকভাবেও তাঁকে সাহায্য করা বন্ধ করে দেন বলে অভিযোগ। ২০২০ সালে স্ত্রীর মৃত্যুর পর তাঁর উপর হেনস্থার মাত্রা আরও বেড়ে যায় বলেও আদালতে জানান বৃদ্ধ।

সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত ওই বৃদ্ধের পক্ষেই রায় দেয় দিল্লি হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বাড়ি খালি করে ছেলে ও পুত্রবধূকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ওই নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বৃদ্ধকে প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us