
কাসগঞ্জ: উত্তর প্রদেশের কাসগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর উল্টে পড়ে রাস্তার ধারে একটি পুকুরের মধ্যে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পথ দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু বলে খবর। মৃতদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুণ্যার্থীদের নিয়ে ওই ট্রাক্টরটি কাদেরগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময়েই কাসগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মধ্যে গিয়ে পড়ে গাড়িটি।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে অত্যন্ত মর্মাহত হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পদক্ষেপ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই পুণ্যার্থীরা কাদেরগঞ্জে যাচ্ছিলেন গঙ্গাস্নান করার জন্য। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরাই উদ্ধারের কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দলও। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। আহতদের যাতে দ্রুত চিকিৎসা হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।