Supreme Court: SIR-এ নাম বাদ গেলেই কি রেশন, অন্নপূর্ণা-র মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত? রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court on SIR: মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই আবেদন গ্রহণ করে নোটিস জারি করেছে। আবেদনটি করেছেন প্রসেনজিৎ বসু। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী নেহা রাঠি। আবেদনে দাবি করা হয়েছে, SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে, সেগুলি প্রত্যাহার করতে হবে।

Supreme Court: SIR-এ নাম বাদ গেলেই কি রেশন, অন্নপূর্ণা-র মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত? রাজ্যের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Images

Nov 24, 2026 | 1:07 PM

নয়া দিল্লি:  পশ্চিমবঙ্গে SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা কি সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন? অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), রেশন বা ওবিসি শংসাপত্রের মতো পরিষেবা কি আর পাবেন না তাঁরা? এই প্রশ্নেই এবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় একটি আবেদনের ভিত্তিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই আবেদন গ্রহণ করে নোটিস জারি করেছে। আবেদনটি করেছেন প্রসেনজিৎ বসু। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী নেহা রাঠি। আবেদনে দাবি করা হয়েছে, SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে, সেগুলি প্রত্যাহার করতে হবে।

আবেদনে বলা হয়েছে, SIR-এ বাদ পড়া ভোটারদের অন্নপূর্ণা যোজনা, গণবণ্টন ব্যবস্থা বা PDS এবং ওবিসি শংসাপত্রের মতো সরকারি সুবিধা পাওয়া থেকে আটকানোর নির্দেশিকা প্রত্যাহার করতে হবে। এই বিষয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের থেকে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে শুনানি, কী কী হল?

শুনানিতে আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং আইনজীবী প্রশান্ত ভূষণ রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁদের অভিযোগ, SIR-এর ফলাফলের ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা রেশন কার্ড-সহ বিভিন্ন নাগরিক অধিকার ও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, SIR-এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধার উপর তার প্রভাব পড়তে পারে না, তা আদালত আগেই স্পষ্ট করেছে। তবে আইনজীবীরা পাল্টা জানান, এখানে নির্বাচন কমিশন নয়, রাজ্য সরকারই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বন্ধ করছে। বিচারপতি বাগচী বলেন, বিষয়টি সম্পূর্ণ পৃথক আইনের বিরোধী। তাই SIR মামলায় অন্তর্বর্তী আবেদন না করে পৃথক রিট পিটিশন দায়ের করাই উচিত।

এর পরেই আবেদনকারীদের আইনজীবীদের আবেদন, SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও অন্য কোনও অধিকার বা সরকারি সুযোগ-সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না, এই মর্মে আদালত জানিয়ে দিলেই সমস্যার সমাধান হতে পারে। নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করতে গিয়ে সিনিয়র আইনজীবী ডিএস নাইডু জানান, আদালত ইতিমধ্যেই একাধিকবার এই বিষয়ে পর্যবেক্ষণ করেছে।

এদিকে, বিচারপতি বাগচী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে এখনই মেনে নিচ্ছে না আদালত। তবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন।” পাল্টা সলিসিটর জেনারেল প্রশ্ন করেন, কাউকে কি আদালতে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে?”

এর উত্তরে গোপাল শঙ্করনারায়ণন জানান, ইতিমধ্যেই কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে রাজ্য সরকার যে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের ৪ জুনের একটি বিজ্ঞপ্তিতে SIR-এর ফলাফলের ভিত্তিতে PDS উপভোক্তাদের যাচাই এবং তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

শুনানিতে প্রশান্ত ভূষণ আরও দাবি করেন, সুপ্রিম কোর্ট আগেই স্পষ্ট করেছিল যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, যাঁদের নাম বাদ যাবে, তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না।

এই প্রসঙ্গে বিচারপতি বাগচী বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য একজন রাজনৈতিক ব্যক্তির মন্তব্যের পর্যায়ে পড়ে। বাস্তবে কোনও ব্যক্তি যদি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলে তিনি হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন।” আদালত আগেই বিষয়টি স্পষ্ট করেছে বলেও জানান তিনি।

সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ তোলা উচিত নয়।” তবে বিচারপতি বাগচী সেই বক্তব্য সংশোধন করে জানান, একে তথ্যহীন অভিযোগ বলা যায় না। কারণ, আবেদনকারীরা রাজ্য সরকারের একটি নির্দিষ্ট বিজ্ঞপ্তির কথা তুলে ধরেছেন। সেই বিজ্ঞপ্তি বাস্তবে কার্যকর করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us