নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে অখিলেশকে কথা বলার অনুরোধ অভিষেকের, INDIA-র অন্দরেই তৈরি হচ্ছে নয়া উপজোট?

INDIA Alliance: এনডিএ জোট ভাঙাতে পারলে সরকার গড়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটেরও। কিন্তু বিরোধী আসনেই বসতে আগ্রহী কংগ্রেস। বিজেপিকে সরকার গঠনে ওয়াকওভার দেওয়ার কংগ্রেসের প্রবণতার তীব্র বিরোধী আঞ্চলিক দলগুলি। বিরোধী নেতারা ঐক্যমত হয়নি ইন্ডিয়া জোটের বৈঠকে।

নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে অখিলেশকে কথা বলার অনুরোধ অভিষেকের, INDIA-র অন্দরেই তৈরি হচ্ছে নয়া উপজোট?
অখিলেশ-অভিষেকের সাক্ষাৎ।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 07, 2024 | 10:00 AM

নয়া দিল্লি: কেন্দ্রে সরকার গড়ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)-ই। বিরোধী আসনেই বসতে চায় কংগ্রেস (Congress)। কিন্তু এত জনমত পাওয়ার পরও বিজেপিকে এত সহজে ওয়াক-ওভার দিতে রাজি নন অভিষেক-অখিলেশরা। সেই কারণেই এবার কংগ্রেসকে বাদ দিয়েই এনডিএ জোট ভাঙানোর চেষ্টা আঞ্চলিক দলগুলির। সূত্রের খবর, নীতীশ কুমার (Nitish Kumar) ও চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সঙ্গে অখিলেশ যাদবকে কথা বলতে অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি ও শিবসেনাও।

এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি কোনও দলই। বিজেপি শাসিত এনডিএ যেখানে ২৯৩ আসন পেয়েছে, সেখানেই ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জয়ী হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবার কিং মেকার হয়ে উঠেছে।

এনডিএ জোট ভাঙাতে পারলে সরকার গড়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটেরও। কিন্তু বিরোধী আসনেই বসতে আগ্রহী কংগ্রেস। বিজেপিকে সরকার গঠনে ওয়াকওভার দেওয়ার কংগ্রেসের প্রবণতার তীব্র বিরোধী আঞ্চলিক দলগুলি। বিরোধী নেতারা ঐক্যমত হয়নি ইন্ডিয়া জোটের বৈঠকে।

তাই কংগ্রেসকে বাদ রেখেই জোট শরিকের সংখ্যা বাড়াতে উদ্যোগী ইন্ডিয়া জোটের সমান্তরাল আঞ্চলিক দলগুলির উপজোট। সেই কারণেই চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের সঙ্গে অখিলেশ যাদবকে কথা বলতে বলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পরই অখিলেশকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উদ্যোগকে বাস্তবায়িত করতেই ময়দানে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। এরপরে বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অভিষেক-অখিলেশের বৈঠক। উপস্থিত ছিলেন ডেরেক  ও’ব্রায়েন-ও। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আলোচনা করতে আসেন আপ সাংসদ রাঘব চাড্ডা। কংগ্রেসকে বাদ দিয়ে আলাদাভাবে আঞ্চলিক দলগুলির নেতাদের বৈঠকের পরই জল্পনা তৈরি হয়েছে যে ইন্ডিয়া জোটের অন্দরেই কি তৈরি হচ্ছে অন্য জোট?

 

Follow Us