Hemant Soren: দেশে কি এবার আরও এক মহিলা মুখ্যমন্ত্রী! সব নজর হেমন্ত সোরেনের দিকে

Jharkhand Mukti Morcha: কল্পনা সোরেনের রাজনৈতিক কেরিয়ার সেই অর্থে নেই। তিনি কোনও বিধায়ক নন। যদি এমন কোনও পরিস্থিতি তৈরিও হয়, যখন তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী শপথ নেওয়ার ছ'মাসের মধ্যে তাঁকে কোনও না কোনও উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। কিন্তু এখানেও জটিলতা রয়েছে।

Hemant Soren: দেশে কি এবার আরও এক মহিলা মুখ্যমন্ত্রী! সব নজর হেমন্ত সোরেনের দিকে
সস্ত্রীক হেমন্ত সোরেনImage Credit source: Facebook

|

Jan 31, 2024 | 11:57 AM

রাঁচি: কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা শুধু বাংলাতেই নয়, পড়শি রাজ্যেও। বুধবার সব নজর ঝাড়খণ্ডের দিকে। আজ ইডির অফিসে হাজিরা দেবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সূত্রের খবর, আজ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। একইসঙ্গে জল্পনা ছড়িয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে। ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে কান পাতলেও শোনা যাচ্ছে এই গুঞ্জন। যদি আজ হেমন্ত সোরেনের ইডির অফিসে হাজিরার পর বড়সড় কোনও পদক্ষেপ করে কেন্দ্রীয় এজেন্সি, সেক্ষেত্রে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনকেই পরবর্তী মুখ্যমন্ত্রী করা হতে পারে। এমন কথাও শোনা যাচ্ছে।

কল্পনা সোরেনের রাজনৈতিক কেরিয়ার সেই অর্থে নেই। তিনি কোনও বিধায়ক নন। যদি এমন কোনও পরিস্থিতি তৈরিও হয়, যখন তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী শপথ নেওয়ার ছ’মাসের মধ্যে তাঁকে কোনও না কোনও উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। কিন্তু এখানেও জটিলতা রয়েছে। কারণ, নিয়ম এও বলছে, যে কোনও বিধানসভার মেয়াদ শেষ হতে যদি এক বছরেরও কম সময় বাকি থাকে, সেক্ষেত্রে আর কোনও উপনির্বাচন করানো যায় না ওই সময়ে। আর ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভার কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে চলতি বছরের নভেম্বরে।

অর্থাৎ, নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার পথ খুব একটা মসৃণ নয় এমন সময়ে। কিন্তু কে এই কল্পনা সোরেন? ওড়িশার ময়ূরভঞ্জের কল্পনার জন্ম রাঁচিতেই। ১৯৭৬ সালে। ব্যবসায়ী পরিবারে বড় হওয়া কল্পনার ঝুলিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এমবিএ-ও করেছেন তিনি। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে হেমন্ত সোরেনের সঙ্গে বিয়ে হয় কল্পনার। দুই সন্তান রয়েছে তাঁদের।

জানা যায়, কল্পনা সোরেন একটি স্কুল চালান। এর পাশাপাশি অর্গানিক ফার্মিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তিনটি কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে তাঁর নামে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। নারী ক্ষমতায়ন নিয়েও কাজ করেন তিনি। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে একবার সংবাদ শিরোনামে এসেছিলেন কল্পনা সোরেন। সেই সময় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস অভিযোগ তুলেছিলেন, হেমন্ত সোরেন নাকি ক্ষমতার অপব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি জমি তাঁর স্ত্রীর মালিকানাধীন সংস্থাকে পাইয়ে দিয়েছিলেন।

Follow Us