Spicejet: বন্ধ হয়ে যাবে স্পাইসজেট? DGCA-র নোটিস আসতেই বাড়ছে অনিশ্চয়তা

SpiceJet Crisis News: নোটিসে স্পাইসজেটের অপারেশনাল পারফরম্যান্স নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছে DGCA। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, দিনের পর দিন খারাপ হচ্ছে বিমান সংস্থার পরিষেবার মান। সময় মতো বিমান ছাড়ার রেকর্ড ক্রমশ নিম্নমুখী। বেড়েছে বিমান চলাচলে দেরি এবং উড়ান বাতিলের ঘটনা। এমনকী, অনুমোদিত উড়ানসূচি মেনেও পরিষেবা দিতে পারছে না সংস্থাটি।

Spicejet: বন্ধ হয়ে যাবে স্পাইসজেট? DGCA-র নোটিস আসতেই বাড়ছে অনিশ্চয়তা
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

Nov 21, 2026 | 5:02 PM

নয়া দিল্লি: বন্ধ হয়ে যাবে স্পাইসজেট? বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের (SpiceJet) ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সংস্থাটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মুখে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ যাত্রী থেকে শুরু করে বিনিয়োগকারী, সকলের মনেই এখন একটাই প্রশ্ন—এবার কি সত্যিই গ্রাউন্ড হতে চলেছে স্পাইসজেট?

সংস্থার ক্রমাগত খারাপ অপারেশনাল পারফরম্যান্স, একের পর এক বিমান বাতিল এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ করেছে বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। গত ১৭ নভেম্বর স্পাইসজেটকে শো-কজ নোটিস পাঠিয়েছে DGCA। সংবাদ সংস্থা PTI সূত্রে এমনটাই জানা গিয়েছে।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য সংস্থাকে মাত্র সাত দিন সময় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে স্পাইসজেটের সমস্যা আরও বাড়তে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সংস্থার অধিকাংশ বিমানই ইতিমধ্যে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। সেগুলিকে ফের পরিষেবায় ফেরানোর জন্য স্পাইসজেটের কাছে কোনও বিশ্বাসযোগ্য পরিকল্পনাও নেই বলে অভিযোগ।

কেন কড়া নোটিস DGCA-র?

নোটিসে স্পাইসজেটের অপারেশনাল পারফরম্যান্স নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছে DGCA। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, দিনের পর দিন খারাপ হচ্ছে বিমান সংস্থার পরিষেবার মান। সময় মতো বিমান ছাড়ার রেকর্ড ক্রমশ নিম্নমুখী। বেড়েছে বিমান চলাচলে দেরি এবং উড়ান বাতিলের ঘটনা। এমনকী, অনুমোদিত উড়ানসূচি মেনেও পরিষেবা দিতে পারছে না সংস্থাটি।

বিমানের বহর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে DGCA। নোটিসে স্পষ্ট বলা হয়েছে, স্পাইসজেটের অধিকাংশ বিমানই এখন গ্রাউন্ডেড। সেগুলিকে ফের পরিষেবায় ফেরানোর জন্য সংস্থার তরফে কোনও নির্ভরযোগ্য পরিকল্পনা জমা দেওয়া হয়নি। বারবার উড়ান বাতিল এবং দেরির কারণে যাত্রীদের যে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিশেষত, এই কঠিন পরিস্থিতিতে যাত্রীদের সহায়তার জন্য স্পাইসজেটের তরফে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা যথেষ্ট নয় বলেই মনে করছে DGCA।

৬৬টি উড়ানের অনুমতি, চলছে মাত্র ১৫টি!

স্পাইসজেটের পরিস্থিতি কতটা খারাপ, তা বোঝা যাচ্ছে পরিসংখ্যান দেখে। ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, শীতকালীন সূচিতে স্পাইসজেটকে প্রতিদিন প্রায় ৬৬টি উড়ান চালানোর অনুমতি দিয়েছিল DGCA। কিন্তু বাস্তবে প্রতিদিন কোনওমতে মাত্র ১৫টি উড়ান চালাতে পারছে সংস্থাটি। অথচ, পুরো প্রকাশিত উড়ানসূচি মেনেই টিকিট বুকিং নিচ্ছে তারা।

ফলে আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা শেষ মুহূর্তে উড়ান বাতিলের ধাক্কা খাচ্ছেন। আচমকা বিমান বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন বহু যাত্রী। পরিস্থিতি এমনই যে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালন সংস্থাকে পরপর দু’দিন যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করতে হয়েছে।

শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্পাইসজেটের অপারেশনাল সমস্যার কারণে কয়েকটি উড়ান প্রভাবিত হতে পারে। বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীদের নিজেদের উড়ানের সর্বশেষ পরিস্থিতি এবং যাত্রার পরিকল্পনা সম্পর্কে সরাসরি স্পাইসজেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উড়ানের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের বিকল্পও ক্রমশ সীমিত হয়ে পড়ছে।

শেয়ারবাজারেও বড় ধাক্কা

স্পাইসজেটের আর্থিক সঙ্কট এবং নগদের অভাবের প্রভাব পড়েছে বাজারের অংশীদারিত্বেও। পরিসংখ্যান অনুযায়ী, অগস্ট মাসে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবার বাজারে স্পাইসজেটের অংশীদারিত্ব ছিল ১.২ শতাংশ। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৬ শতাংশে।

চলতি বছরের শুরু থেকেই বাজারে ক্রমশ পিছিয়ে পড়ছে সংস্থাটি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্পাইসজেটের মার্কেট শেয়ার ছিল ৩.৯ শতাংশ। মার্চে তা কমে হয় ৩.৮ শতাংশ। এপ্রিলে ৩.৪ শতাংশ এবং মে মাসে ২.৫ শতাংশে নেমে আসে। জুনে ১.৯ শতাংশ, জুলাইয়ে ১.৬ শতাংশ এবং অগস্টে ১.২ শতাংশে পৌঁছয় সেই পরিসংখ্যান। সেপ্টেম্বরে তা আরও কমে দাঁড়ায় মাত্র ০.৬ শতাংশে।

DGCA-র নোটিসের খবর প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারেও বড় ধাক্কা খেয়েছে সংস্থার শেয়ার। শুক্রবার দুপুরের লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে ৯.৭৪ টাকায় নেমে আসে। শুধু তাই নয়, DGCA-র কারণ দর্শানোর নোটিস সংক্রান্ত খবরের বিষয়ে স্পাইসজেটের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাও চেয়েছে BSE।

উল্লেখযোগ্য বিষয় হল, DGCA-র এই নোটিস আসার ঠিক এক দিন আগে সংস্থার বোর্ড ৫,৫০০ কোটি টাকা পর্যন্ত তহবিল সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। আর্থিক পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

বকেয়া জরিমানাও

স্পাইসজেটের সমস্যা শুধু উড়ান বাতিল কিংবা আর্থিক সঙ্কটেই সীমাবদ্ধ নেই। DGCA-র নোটিসে আরও কয়েকটি গুরুতর বিষয় উঠে এসেছে। বাধ্যতামূলক বিমা কভার পুনর্নবীকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি, সংস্থার পরিষেবা পরিচালনায় বিঘ্ন এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সময়মতো টাকা না দেওয়ার অভিযোগে বিদেশি বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থাগুলিও উদ্বেগ প্রকাশ করেছে।

আগে জরিমানা করা সত্ত্বেও কেন এখনও সেই টাকা মেটানো হয়নি, তা নিয়েও স্পাইসজেটের কাছে জবাব চেয়েছে DGCA। উল্লেখ্য, নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত মে মাসেও সংস্থাটিকে জরিমানা করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

Loading...
Unable to load recommendations.
Follow Us