
কলকাতা: তৃণমূলের প্রতীক (TMC Symbol Freeze) ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত বৃহস্পতিবার রাতে তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন। পরের দিন অর্থাৎ শুক্রবারই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের (Election Commission) নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে জরুরি শুনানির আবেদন করা হয়। সেই আবেদন গ্রহণ করেছেন শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত। তবে, কবে মামলার শুনানি হবে,এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল করা পিটিশনের ভিত্তিতে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার মেনশন করেন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কমিশন আগে কেন বিষয়টির নিষ্পত্তি করেনি? কেন নির্বাচনের ঠিক আগেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নাম ও প্রতীক ফ্রিজ করা হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
কপিল সিব্বল বলেন, এই বিতর্কের সূচনা জুন মাসে। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি জুলাই মাসে। কমিশন এতদিন কিছু না করে নির্বাচনের মধ্যে আমাদের নাম এবং প্রতীক ফ্রিজ করে দিয়েছে। কমিশন নতুন মাইলস্টোন সৃষ্টি করছে।
কমিশনের নির্বাচনী বিজ্ঞপ্তির মাঝপথেই বিজ্ঞপ্তি জারি করে প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এসব কী চলছে? আমরা এই মামলা জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আবেদন জানাচ্ছি।
প্রধান বিচারপতি বলেন, “সবপক্ষের কিছু না কিছু বলার থাকবে। যখন বিষয়টি তালিকাভুক্ত হবে, তখন আপনারা যুক্তি উপস্থাপন করবেন। আমরা মামলাটি তালিকাভুক্ত করার চেষ্টা করব।” সেক্ষেত্রে, কবে এই মামলার শুনানি হয়, কবে এই মামলা তালিকাভুক্ত হয়, সেদিকেই নজর থাকবে।