
নয়া দিল্লি: আইন সংশোধন করে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনারদের (Election Commissioner) আজীবন রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। ২০২৩-এর নির্বাচন কমিশনার সংক্রান্ত আইনকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় ওই আইনের ১৬ নম্বর ধারা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে ছিল মামলার শুনানি।
এহেন রক্ষাকবচ ছাড়াই এতকাল সফলভাবে নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। তাহলে এখন কেন এই রক্ষাকবচের প্রয়োজন পড়ছে? এই প্রশ্ন নিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেন অরুণ কুমার আগরওয়াল।
২০২৩ সালে পাশ হওয়া আইনে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ দেওয়া হয়। এই আইনের ১৬ নম্বর ধারা অনুাসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পদে থাকাকালীন করা যে কোনও বক্তব্য, বা পদক্ষেপ বা সিদ্ধান্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা রয়েছে। এমনকী পদ থেকে চলে যাওয়ার পরও ওই রক্ষাকবচ থাকবে। আবেদনকারী অরুণ কুমার আগরওয়ালের যুক্তি, এই ধরনের সর্বাত্মক সুরক্ষা নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করে। ২০২৩ সালের আইনের ১৬ নম্বর ধারাটিকে অসাংবিধানিক ঘোষণার আবেদন জানিয়েছেন তিনি।