
নয়া দিল্লি: এবার আঙুলের ছাপ এবং চোখের মনি বায়োমেট্রিক করার পরেই কি মিলবে ভোটের সুযোগ? ভুয়ো ভোট রুখতে এবার বুথে আঙুলের ছাপ এবং চোখের মনি বায়োমেট্রিক করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন ফাইল করলেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এ বিষয়ে কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।
চলতি নির্বাচনে না হলেও আগামী লোকসভা নির্বাচন বা অন্যান্য বিধানসভা নির্বাচনে এই নিয়ম চালু করা যায় কিনা তা খতিয়ে দেখে কমিশনকে হলফনামা জমা দিতে হবে।শুনানি পর্বে প্রধান বিচারপতি জানান, এই নিয়ম চালু করতে হলে আইনের পরিবর্তন প্রয়োজন এবং বিরাট খরচ সাপেক্ষ।
আইনজীবী উপাধ্যায় বলেন, এই নিয়ম বাস্তবায়িত করার ক্ষমতা কমিশনের আছে।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ: এটা ক্ষমতার ইস্যু নয়। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই পরিকাঠামো তৈরি করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং এর জন্য বিদ্যমান নির্বাচনী আইনের সংশোধন প্রয়োজন। অন্যদিকে, আবেদনকারী আইনজীবীর দাবি, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এই ক্ষমতা কমিশনের হাতেই রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের এই জনস্বার্থ মামলাটি মূলত আধার কার্ডের তথ্যকে ভোটার তালিকার সঙ্গে যুক্ত করে প্রতিটি বুথে বায়োমেট্রিক যাচাইকরণের ওপর জোর দিয়েছে।