Supreme Court News: গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত গোধরা ট্রেনকাণ্ডের সাজাপ্রাপ্ত, ১৮ বছর জেলে থাকার পর সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট

New Delhi: আদালতে ইরফানের আইনজীবী জানান, তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি, প্রায় ১৮ বছর ধরে কারাবন্দি রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাজা স্থগিত রাখার আবেদন জানানো হয়।

Supreme Court News: গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত গোধরা ট্রেনকাণ্ডের সাজাপ্রাপ্ত, ১৮ বছর জেলে থাকার পর সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ফাইল ফোটো)

Nov 24, 2026 | 12:43 PM

নয়াদিল্লি: ২০০২ সালের গোধরা ট্রেন (Godhra Train Accident) অগ্নিকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গুরুতর শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন জেলে থাকার বিষয়টি বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার, ২৩ নভেম্বর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালতের এই সিদ্ধান্তে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সাজাপ্রাপ্ত ইরফান সিরাজ পাডার।

আদালতে ইরফানের আইনজীবী জানান, তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি, প্রায় ১৮ বছর ধরে কারাবন্দি রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাজা স্থগিত রাখার আবেদন জানানো হয়।

এই আবেদনের বিরোধিতা করেনি গুজরাট সরকারও। রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, আবেদনকারীর শারীরিক অসুস্থতার যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সঠিক। যদিও মামলাটি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন তিনি, তবে চিকিৎসাজনিত কারণে সাজা স্থগিত রাখার আবেদনে তাঁদের আপত্তি নেই। এরপরই বিচারপতিদের বেঞ্চ জানায়, “উল্লিখিত পরিস্থিতির কথা বিবেচনা করে শুধুমাত্র চিকিৎসাজনিত কারণেই আবেদনকারীর সাজা স্থগিত রাখতে আমরা আগ্রহী।”

উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগার ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়। অযোধ্যা থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পরবর্তীতে গুজরাটজুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। এই মামলায় ২০১১ সালের মার্চ মাসে বিশেষ আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে এবং বাকি ২০ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে। ২০১৮ সাল থেকে সাজাপ্রাপ্তদের আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইরফান সিরাজ পাডার সাজা স্থগিত হলেও তাঁকে নির্দোষ ঘোষণা করা হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us