Supreme Court: ‘ভোট পেতে পিঠে চড়বেন না…’, ‘ভাইপো’কে নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: 'কেন আপনি তাঁর ছবি ব্যবহার করছেন? আপনি যদি নিজের জনপ্রিয়তা এবং জননেতা হিসেবে নিজের ক্ষমতার বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ছবিতেই ভোট পাবেন। কেন তাঁর পিঠে চড়ছেন?' এনসিপি বনাম এনসিপি মামলায় ভাইপোকে প্রশ্ন শীর্ষ আদালতের।

Supreme Court: ভোট পেতে পিঠে চড়বেন না..., ভাইপোকে নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

Mar 14, 2024 | 4:40 PM

নয়া দিল্লি: ‘ভোট পেতে কাকার পিঠে চড়বেন না’, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি), এনসিপি বনাম এনসিপি মামলায়, ‘ভাইপো’ অজিত পওয়ারকে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, “কেন আপনি (অজিত পওয়ার) তাঁর (শরদ পওয়ার) ছবি ব্যবহার করছেন? আপনি যদি নিজের জনপ্রিয়তা এবং জননেতা হিসেবে নিজের ক্ষমতার বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ছবিতেই ভোট পাবেন। কেন তাঁর পিঠে চড়ছেন?”

অজিত গোষ্ঠী শরদ পওয়ারের নাম ছবির অপব্যবহার করছে অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল শরদ গোষ্ঠী। একই সঙ্গে গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে অজিত পওয়ারের এনসিপিকেই আসল এনসিপির স্বীকৃতি দিয়েছিল, সেই রায়কেও চ্যালেঞ্জ করেছিল শরদ গোষ্ঠী। ১৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানির আগেই, এই দুই বিষয়ে অজিত গোষ্ঠীর জবাব চেয়েছে আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশ্য কমিশনের আদেশই বহাল থাকবে।

এদিন শরদ পওয়ার গোষ্ঠীর হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, গ্রামীণ এলাকায় প্রত্যেকের কাছে স্মার্টফোন নেই। ফলে অনেকেই জানেন না যে কাকা-ভাইপো আলাদা হয়ে গিয়েছে। মানুষের এই না জানার সুযোগ নিয়ে শরদের জনপ্রিয়তাকে ভোট পাওয়ার জন্য ব্যবহার করছে অজিত গোষ্ঠী বলে, অভিযোগ করেন। শরদ গোষ্ঠীর আরও অভিযোগ, তাঁর ভাগ্নে তাঁর দল ভেঙে বেরিয়ে গিয়েছেন, অথচ তাঁর প্রশংসা করে ভোটারদের বিভ্রান্ত করছেন। প্রচারপত্রে শরদ পওয়ারের ছবি ও নাম ব্যবহার করছেন। এর ফলে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে দাবি করেন সিংভি।

এনসিপি-র নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’-ও শরদ পাওয়ারের নাম এবং পরিচয়ের সঙ্গে জড়িত। তাই এই প্রতীকটিও ‘ফ্রিজ’ করে দেওয়া উচিত বলে জানান তিনি। এর আগে ১৯ ফেব্রুয়ারি শীর্ষ আদালত শরদ পওয়ার গোষ্ঠীকে এনসিরপি (শরদ) নামে রাজ্যসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছিল। সেইসঙ্গে, প্রতীক হিসেবে ট্রাম্পেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপরই, বিচারপতি সূর্য কান্ত এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, দলীয় প্রচারপত্রে এবং নোটিশগুলিতে শরদ পওয়ারের ছবি এবং নাম ব্যবহার করতে পারবে না অজিত গোষ্ঠী। বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনি (অজিত পওয়ার) আলাদা পথ বেছে নিয়েছেন। আপনি বলছেন আপনার দল এখন একটি পৃথক রাজনৈতিক দল। আপনি বলছেন এখন আপনাদের দুটি পৃথক সত্ত্বা, আপনাদের পরিচয় আলাদা। কিন্তু, ভোটারদের কাছে টানতে আপনার তাঁর (শারদ পওয়ার) মুখের প্রয়োজন। আপনার নিজস্ব পরিচয় নিয়ে ভোটারদের কাছে যান।” শরদ পওয়ারের নাম, ছবি এবং পরিচয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর ব্যবহার করবে না, এই বিষয়ে অজিত পওয়ার গোষ্ঠীকে ‘স্পষ্ট ও নিঃশর্ত আশ্বাস’ দিতে হবে। প্রতীকের বিষয়ে পরবরতী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us