
নয়া দিল্লি: গান্ধী পরিবারে বিয়ের শাড়ি নিয়ে একটা বিশেষ ঐতিহ্য ও পরম্পরা রয়েছে। ইন্দিরা গান্ধী (Indira Gandhi) যে শাড়ি পরে বিয়ে করেছিলেন, সেই একই শাড়ি বিয়েতে পরতে হয়েছিল সনিয়াকে। এমনকী, এই ধারা নাকি বজায় থেকেছে প্রিয়ঙ্কার বিয়ের সময়ও। এই শাড়ির প্রধান বিশেষত্ব হল, এর সঙ্গে ছিল জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) হাতের ছোঁয়া। যে সুতো দিয়ে শাড়িটি তৈরি, জেলে থাকাকালীন সেই সুতো নিজের হাতে কেটেছিলেন তিনি। নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সেই পরম্পরা, ঐতিহ্যের কথাই তুলে ধরেছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)।
গান্ধী পরিবারের মেয়ে-বউরা বিয়েতে পরেছিলেন গোলাপি খাদির শাড়ি। ১৯৪২ সালে ফিরোজ গান্ধীর সঙ্গে বিয়ে হয় ইন্দিরা গান্ধীর। সেই সময় ভারতের প্রথম তথা এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হয়ে ওঠেননি তিনি। তবে তাঁর বিয়ের সাজেই ধরা পড়েছিল খাদির প্রতি পরিবারের বিশেষ টান। বিয়ের দিন ইন্দিরা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের খাদির শাড়ি। তাতে ছিল সূক্ষ্ম রুপোলি কাজ। এর বিশেষত্ব ছিল শাড়ির বুননে ব্যবহৃত সুতো। ব্রিটিশ শাসনকালে কারাবন্দি থাকাকালীন সেই সুতো নিজে হাতে কেটেছিলেন ইন্দিরার বাবা জওহরলাল নেহরু।
ইন্দিরার বিয়ের সাজ ছিল বেশ সাধারণ। বর্তমান সময়ের জাঁকজমকপূর্ণ বিয়ের সাজের সঙ্গে তার কোনও মিল ছিল না। খুব বেশি গয়না পরেননি তিনি। বরং খাদির শাড়িকেই সাজের মূল আকর্ষণ করে তুলেছিলেন। ফিরোজ গান্ধীও বিয়েতে খাদির পোশাক পরেছিলেন। তাঁর শেরওয়ানি ও টুপিতেও ছিল খাদির ছোঁয়া। তখন খাদি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন এবং স্বদেশি চেতনার অন্যতম প্রতীক। তাই বিয়ের পোশাকে খাদি বেছে নেওয়া ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতি তাঁদের দায়বদ্ধতারও প্রকাশ।
এরপর কেটে যায় প্রায় দু’দশক। ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হয় সনিয়া গান্ধীর। ইতালি থেকে ভারতে আসা সনিয়ার বিয়ে হয়েছিল হিন্দু রীতি মেনে, একেবারেই অনাড়ম্বর অনুষ্ঠানে। আর সেই বিশেষ দিনে নতুন কোনও শাড়ি বেছে নেননি তিনি। বরং শাশুড়ি ইন্দিরা গান্ধীর কাছ থেকে উপহার পাওয়া সেই গোলাপি খাদির শাড়িই পরেছিলেন সনিয়া।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাজীব ও সনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও নিজের বিয়েতে সেই একই শাড়ি পরেছিলেন। সেক্ষেত্রে বলা যেতে পারে, একটা গোলাপি খাদির শাড়ি যেন গান্ধী পরিবারের তিন প্রজন্মের বিয়ের স্মৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে।
খাদির সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের সম্পর্ক বহু পুরনো। মহাত্মা গান্ধী খাদিকে স্বনির্ভরতা এবং ব্রিটিশ পণ্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে জনপ্রিয় করে তুলেছিলেন। বিদেশি কাপড় বর্জন করে দেশীয় সুতোয় তৈরি পোশাক ব্যবহারের ডাক দিয়েছিলেন তিনি। সেই খাদিই হয়ে উঠেছিল স্বদেশি আন্দোলনের অন্যতম পরিচয়।