
নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর থেকেই দফায় দফায় কংগ্রেস (Congress) নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে তৃণমূল (TMC) নেতৃত্বের। মঙ্গলবার সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর আজ, বুধবার বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। সূত্রের খবর, এই পরপর বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল জোট।
জানা যাচ্ছে, এবার বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট নিশ্চিত। বিগত কয়েকটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তিনি একাই লড়তে চান। একাই লড়েছেন। এমনকী দিল্লিতেও কংগ্রেসের ডাকা বৈঠকে মমতার উপস্থিতি খুব একটা চোখে পড়ত না। তবে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু বাংলাতেই নয়, জাতীয় রাজনীতিতেও কংগ্রেসের সঙ্গে চলবে তৃণমূল।
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে এসেছেন। তারপর আজ, বুধবার রাজনৈতিক বোঝাপড়ার রূপরেখা কী হবে, তা চূড়ান্ত করতে ৮৮ মিনিট বৈঠক করেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সূত্রের খবর, ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্বকে মেনে নিচ্ছে তৃণমূল। সেই সঙ্গে বাংলায় তৈরি হচ্ছে কংগ্রেস-তৃণমূল জোট। তৃণমূলের তরফ থেকে এক্স মাধ্যমে যে পোস্ট করা হয়েছে, তাতেও জোটের ইঙ্গিত রয়েছে।
তবে এখনই আসনভিত্তিক সমঝোতার আলোচনার দিকে এগোবে না কোনও পক্ষ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪১ শতাংশ ভোটের বাস্তবতাকে মাথায় রেখেই পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে যাচ্ছে, এমন একটি জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে দুই পক্ষই এই বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
Our Hon’ble National General Secretary Shri @abhishekaitc met the Hon’ble Leader of Opposition, Lok Sabha, Shri @RahulGandhi Ji in Delhi today.
The meeting reflected a shared commitment to safeguarding democracy, upholding constitutional values and working for the welfare of… pic.twitter.com/6lhybzFMdD
— All India Trinamool Congress (@AITCofficial) June 10, 2026