
নয়া দিল্লি: আর বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ে বড় ধাক্কা ঋত শিবিরে। আপাতত কেউই বিরোধী দলনেতা নন রাজ্যের বিধানসভায়। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে যে বিরোধী দলনেতা কে হবেন। হাইকোর্টের এই রায়ের পরই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “দেখ কেমন লাগে…”। খোঁচা দিয়ে বললেন, “ওদের আচ্ছে দিন চলে গিয়েছে।”
আজকে হাইকোর্টের রায়ের পরই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। দেখ কেমন লাগে। আগেই বলেছিলাম, অবৈধ সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্ট স্পিকারের নির্দেশকে খারিজ করে দিয়েছে। চিফ হুইপ আখরুজ্জামানকেও খারিজ করে দিয়েছে। স্পিকারের পদের মর্যাদা অক্ষুণ্ণ করল। এই প্রথম স্পিকারের কোন সিদ্ধান্তকে খারিজ করল হাইকোর্ট। স্পিকার কে সংবিধানের ঊর্ধ্বে থাকতে হয়। জালি বিরোধী দলনেতা ছিল। এই প্রথম হাইকোর্ট কোনও স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করল। এটা খুশির খবর নয়, কারণ স্পিকার এত অসাংবিধানিক কাজ করেছেন। স্পিকারের নিরপেক্ষ হওয়া উচিত। উনি সেটায় ব্যর্থ হয়েছেন। সেই জন্য স্পিকারের সিদ্ধান্ত খারিজ হয়েছে।”
কল্যাণ আরও বলেন, “নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ জানিয়েছিলাম। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই এক্সটেনশন দেওয়ার। আমাদের আগে কোনও ডকুমেন্টস দেওয়া হয়নি। আজ ওরা আবার একটা আবেদন ফাইল করেছিল। আরও নতুন ডকুমেন্টস দিতে চায়। আমরা বিরোধিতা করেছি। সুপ্রিম কোর্ট কাউন্টার হলফনামা জমা দিতে বলেছিল। ওরা রিটেন সাবমিশন (Written submission) জমা দিয়েছে। পিটিশন ফাইল করেনি। নতুন লিখিত সাবমিশন গ্রহণযোগ্য না। রিটেন সাবমিশন কখনও প্লিডিং (pleading) হিসাবে গৃহীত হয় না। নতুন ডকুমেন্টস দেওয়া যায় না। নতুন করে কোনও কেস দেওয়া যায় না। আমরা আবেদনের বিরোধিতা করেছি।
বারবার স্ট্যান্ড বদলাচ্ছে।”
তিনি জানান যে পুলিশ দিয়ে কীভাবে মিথ্যা সই করিয়ে হলফনামা তৈরি করা হয়েছে, সেই বিষয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। শেষে কল্যাণ বলেন, “নির্বাচন কমিশন অর্ডার পাশ করবে। তবে ওদের ভালো দিন চলে গিয়েছে। বিরোধী দলনেতার নিয়োগের নির্দেশ স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ওদের আচ্ছে দিন চলে গিয়েছে।”