Sudip Bandyopadhyay Meets Amit Shah: এবার শাহী দরবারে সুদীপ, বাড়ছে জল্পনা

Sudip Bandyopadhyay Amit Shah meeting amid TMC MP rebellion: লোকসভায় তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা বাড়ছে। তারই মধ্যে এদিন দিল্লি পৌঁছন সুদীপ। তারপর আর এক বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান কলকাতা উত্তরের সাংসদ। ঘণ্টাখানেক বৈঠক হয়। আগামিকাল বিক্ষুব্ধ সাংসদরা বৈঠক করবেন। সেখানে নেতৃত্ব দিতে পারেন সুদীপ। সোমবার তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। আলাদা ব্লক গঠনের কথা জানাতে পারেন।

Sudip Bandyopadhyay Meets Amit Shah: এবার শাহী দরবারে সুদীপ, বাড়ছে জল্পনা
অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 13, 2026 | 8:20 PM

নয়াদিল্লি: তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের শিবিরে যোগ দিয়েছেন তিনি। শনিবারই দিল্লিতে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শাহর সঙ্গে দেখা করার জন্য বারবার অনুরোধ করেছিলেন সুদীপ। তারপরই তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

লোকসভায় তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা বাড়ছে। তারই মধ্যে এদিন দিল্লি পৌঁছন সুদীপ। তারপর আর এক বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান কলকাতা উত্তরের সাংসদ। ঘণ্টাখানেক বৈঠক হয়। আগামিকাল বিক্ষুব্ধ সাংসদরা বৈঠক করবেন। সেখানে নেতৃত্ব দিতে পারেন সুদীপ। সোমবার তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। আলাদা ব্লক গঠনের কথা জানাতে পারেন।

রাজনীতির কারবারিরা বলছেন, সুদীপের এদিনের পদক্ষেপে এটা স্পষ্ট যে তিনি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে যোগ দিচ্ছেন। কিন্তু, লোকসভায় তৃণমূলের নতুন ব্লকে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। কয়েকমাস আগে পর্যন্ত লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ। তিনি অসুস্থ হওয়ার পর কয়েকমাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নেতৃত্ব এবার সুদীপ দেবেন কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা।

এরই মধ্যে অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য কেন বারবার কলকাতা উত্তরের এই বর্ষীয়ান সাংসদ আবেদন জানান, তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। এর আগে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকেছেন। কিন্তু, তৃণমূলের  বিদ্রোহী সাংসদরা শাহর দরবারে যাননি। সেখানে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর সুদীপ কেন শাহের দ্বারস্থ হলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে অঙ্ক কষা শুরু হয়েছে।

এদিকে, সুদীপের বিদ্রোহী শিবিরে নাম লেখানো নিয়ে সরব হয়েছে তৃণমূল। কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কলকাতা উত্তরের সাংসদকে নিশানা করেছেন।

 

Follow Us