
নয়া দিল্লি: ট্রেনে যাতায়াত করেন? এবার থেকে কিন্তু টিকিটের পাশাপাশি সঙ্গে রাখতে হবে পরিচয় পত্রও। অক্টোবর থেকে নতুন নিয়ম আনতে চলেছে সেন্ট্রাল রেলওয়ে। ট্রেন এবং স্টেশনে টিকিট পরীক্ষা আরও কড়া হতে চলেছে। বিশেষ নজর থাকবে ছাড়ের টিকিট, নির্দিষ্ট সংরক্ষণ কোটায় বুক করা টিকিটের ক্ষেত্রে।
ট্রেনে সফরের সময় যাত্রীদের টিকিটের পাশাপাশি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। টিকিট পরীক্ষার সময় প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে না পারলে টিকিটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একটি টিকিটে একাধিক যাত্রী সফর করলে তাঁদের মধ্যে অন্তত একজনের কাছে বৈধ পরিচয়পত্র থাকা প্রয়োজন। কোনও যাত্রীই প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট টিকিটে সফর করা সকলকেই বৈধ টিকিট ছাড়া যাত্রা করছেন বলে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে রেলের নিয়ম অনুযায়ী জরিমানা কিংবা অন্য ব্যবস্থা নেওয়া হতে পারে।
নির্দিষ্ট সংরক্ষণ কোটায় টিকিট বুক করা যাত্রীদের নথিও খতিয়ে দেখা হবে। যে ছাড় বা কোটার সুবিধা নিয়ে টিকিট বুক করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রী আদৌ সেই সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা পরীক্ষা করা হতে পারে। অর্থাৎ, শুধুমাত্র টিকিট দেখালেই সব ক্ষেত্রে হবে না। প্রয়োজন অনুযায়ী যাত্রীকে পরিচয় সংক্রান্ত নথিও দেখাতে হতে পারে। এর মাধ্যমে যে ব্যক্তির নামে টিকিট বুক করা হয়েছে, তিনিই সফর করছেন কি না, তা যাচাই করা হবে।
রেলকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা অনেক ক্ষেত্রেই ই-পাসের সুবিধা ব্যবহার করেন। ই-পাসের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা বিনামূল্যে সফরের সুবিধা পান। শুধু সংরক্ষিত বা ছাড়ের টিকিট নয়, অসংরক্ষিত টিকিটও এই অভিযানের আওতায় পরীক্ষা করা হবে। কোনও টিকিট নিয়ে সন্দেহ হলে পরীক্ষার দায়িত্বে থাকা কর্মীরা TTE অ্যাপের মাধ্যমে ঘটনাস্থলেই টিকিটের তথ্য যাচাই করতে পারবেন।
অক্টোবরে সেন্ট্রাল রেলওয়ের ট্রেনে সফর করলে টিকিটের সঙ্গে বৈধ আসল পরিচয়পত্র রাখাই নিরাপদ। বিশেষ করে ছাড়, সংরক্ষণ কোটা, ই-পাস বা PTO-র সুবিধা নিয়ে সফর করলে সংশ্লিষ্ট নথিপত্রও সঙ্গে রাখতে হবে। যাত্রা শুরুর আগেই টিকিট, পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অনুমতি ঠিক রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিত। ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা বিশেষ অভিযানে ট্রেন ও স্টেশনে টিকিট পরীক্ষায় বাড়তি কড়াকড়ি থাকবে।