
নয়া দিল্লি: TV9 নেটওয়ার্কের তৃতীয় দিনের সম্মেলনে একে একে বক্তব্য পেশ করছেন অতিথিরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই সব অতিথি ও দর্শককে স্বাগত জানান TV9 ভারতবর্ষের ম্যানেজিং এডিটর পরিতোষ চতুর্বেদী। তিনি আশা প্রকাশ করেন, গত দু’দিনের মতোই তৃতীয় দিনের অনুষ্ঠানও যে ইতিহাস তৈরি করবে। অতিথি তালিকায় কারা আছেন, তা উল্লেখ করেন তিনি।
পরিতোষ চতুর্বেদী বলেন, “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে- শুধুমাত্র একটি নাম নয়, এ এক চিন্তন প্রক্রিয়া। এই সম্মেলন থেকে তৈরি হয় নতুন দিশা। কোন পথে দেশ এগোবে, কোন কোন ক্ষেত্রে আরও জোর দিতে হবে, কোন দিকে বেশি নজর দেওয়া দরকার, তা নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। এই সব বিষয়েই চর্চা হবে এই মঞ্চে।”
ম্যানেজিং এডিটর আরও বলেন, “এই মঞ্চে উপস্থিত হয়ে মঞ্চকে গৌরবান্বিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী উল্লেখ করেছেন, গত ১০ বছরে তাঁর সরকার কীভাবে কাজ করেছে। ১০ বছর আগে ভারত কোথায় ছিল, আজ কোথায় আছে, আর আগামিদিনে কোথায় পৌঁছবে, সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।”
গত দু’দিনে এই মঞ্চে ক্রীড়া থেকে বিনোদন, অর্থনীতি থেকে রাজনৈতিক জগতের বিশেষজ্ঞরা নিজেদের বক্তব্য পেশ করেছেন। মঞ্চ থেকে প্রত্যেকে ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন। তাই তৃতীয় দিনে অনুষ্ঠান নিয়েও আশা প্রকাশ করেন পরিতোষ চতুর্বেদী।
দেড় থেকে ২ মাসের মধ্যে লোকসভা নির্বাচন। তার আগে গোটা দেশ জানতে চায় কোন রাজনৈতিক দল কী ভাবছে? কোন দিশা দেখাতে চাইছে? ২০২৪-এ মানুষ কেন তাদের ভোট দেবেন? তাই আজ সত্তা সম্মেলনে রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলবেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই উল্লেখ করেছেন পরিতোষ চতুর্বেদী।