EPFO: পিএফের নিয়মে বিরাট বদল, বেতনের ‘সিলিং’ বেড়ে হচ্ছে ২৫০০০

EPFO Rule Change: কেন্দ্রীয় মন্ত্রিসভার নয়া সিদ্ধান্তের ফলে অতিরিক্ত ৫১ লক্ষ কর্মী পিএফের আওতায় আসবেন ও আর্থিক সুরক্ষার আওতায় আসবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল।

EPFO: পিএফের নিয়মে বিরাট বদল, বেতনের সিলিং বেড়ে হচ্ছে ২৫০০০
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 16, 2026 | 4:14 PM

নয়া দিল্লি: ইপিএফও-র (EPFO) নিয়মে আসছে বড় বদল। শ্রম মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে বেতনের সীমা বাড়ানোয় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেতনের সীমা ১৫ হাজার থেকে বাড়িয়ে করা হল ২৫ হাজার। এর আগে ২০১৪ সালে সীমা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছিল।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইপিএফওর ক্ষেত্রে ওয়েজ লিমিট বা বেতনের সীমা অপরিবর্তিত ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সেই সীমা বাড়িয়ে ১৫০০০ করা হয়। একইভাবে এবার আরও ১০,০০০ টাকা বাড়ানো হল। এই কয়েক বছরে বিভিন্ন সেক্টরে কর্মীদের যে বেতন বেড়েছে, আয় বেড়েছে, তার উপর ভিত্তি করেই এই অনুমোদন দিল মন্ত্রিসভা।

বর্তমানে কী নিয়ম, কোন নিয়ম পাল্টে যাচ্ছে

বর্তমানে কর্মীরা ১৫ হাজারের বেশি বেতন পেলে, তাঁদের ক্ষেত্রে ইপিএফও বাধ্যতামূলক নয়। পিএফ, পেনশন বা বিমা সুরক্ষার আওতায় নাও থাকতে পারেন সেই কর্মীরা। এবার সেই মাত্রা হল ২৫ হাজার। ফলে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পেলে বাধ্যতামূলকভাবে পিএফ অ্যাকাউন্ট খুলতে হবে। তার উপরের বেতনের ক‍্যাটাগরির জন‍্য পিএফ অ্যাকাউন্ট খোলা বাধ‍্যতামূলক নয়। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই এই নতুন নিয়ম লাগু হতে চলেছে।

এই নিয়মের বদলে সংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষায় বড় প্রভাব পড়বে। আরও বেশি সংখ্যক কর্মী পেনশন বা বিমা সুরক্ষার আওতায় আসবেন। ফলে অবসর পরবর্তী সময়ের জন্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত হতে চলেছে।

উল্লেখ্য, বর্তমানে ইপিএফও বিশ্বের অন্যতম বড় সামাজিক সুরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম ও ইনস্যুরেন্স স্কিম। তথ্য বলছে, ইপিএফও-তে অংশগ্রহণকারী সংস্থার সংখ্যা ৭.৬৮ লক্ষ ও সদস্য সংখ্যা ৭.৯৮ কোটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us