
লখনউ: দারুণ খবর। ছাত্রীরা পাবেন ইলেকট্রিক স্কুটার। ৭০ হাজারেরও বেশি ছাত্রীকে ইলেকট্রিক স্কুটার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা পড়াশোনার জন্য দূর-দূরান্ত থেকে যাতায়াত করেন, তারা বিশেষভাবে উপকৃত হবেন।
এই উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশ সরকার। কলেজ ছাত্রীদের জন্য নতুন প্রকল্প শুরু করা হচ্ছে। এর নাম ‘রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা’। এই প্রকল্পের অধীনে ৭০,০০০-এরও বেশি ছাত্রীকে ইলেকট্রিক স্কুটার দেওয়া হবে। মূলত মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল।
বড় চমক হল, পেট্রোল স্কুটারের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার দেওয়া হবে ছাত্রীদের। এতে জ্বালানি খরচ কমবে এবং পরিবেশের ক্ষতিও কম হবে। রাজ্য সরকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি ইলেকট্রিক স্কুটারের দাম পড়বে প্রায় ৫৫,০০০ টাকা। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি যোগী সরকার এই প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে।
শোনা যাচ্ছে, এই প্রকল্পের প্রস্তাব ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পেশ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ছাত্রীদের মধ্যে স্কুটার বিতরণ করা হতে পারে।
শিক্ষা দফতর গত বছরই বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ উত্তীর্ণ ছাত্রীদের তালিকা চেয়েছিল। এই প্রকল্পে সংরক্ষিত, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীদের তাদের বিভাগ অনুযায়ী স্কুটি প্রদান করা হবে। সকল বিভাগের ছাত্রীরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।