
দেহরাদুন: দেবভূমিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেঙে পড়ল হেলিকপ্টার। বদ্রীনাথ থেকে দেহরাদুন ফেরার পথে নিখোঁজ হয়ে যায় হেলিকপ্টারটি। পরে খবর পাওয়া যায় যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। পাইলট সহ ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বদ্রীনাথ ধাম থেকে জোশীমঠের মধ্যে হেলিকপ্টার পরিষেবা রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) ওই হেলিকপ্টারটি বদ্রীনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল। হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে বিপদে পড়ে কপ্টারটি। চামোলি জেলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আচমকা হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যোগাযোগ স্থাপন করতে না পেরেই প্রশাসনের তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়। আরেকটি হেলিকপ্টার পাঠানো হয় ওই নিখোঁজ কপ্টার খোঁজার জন্য। সূত্রের খবর, ওই উদ্ধারকারী হেলিকপ্টারে যারা ছিলেন, তারাই পাহাড়ে হেলিকপ্টারের ভাঙা অংশ দেখতে পান। এরপরই অনুমান করা হচ্ছে যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে।
কপ্টারে থাকা পাইলট ও পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। তবে এখনও দুর্ঘটনাস্থল ও মৃতদের নাম-পরিচয় জানানো হয়নি প্রশাসনের তরফে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ড পুলিশও দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।