
নয়াদিল্লি: সেবাকে মূলমন্ত্র করে শুরু হয়েছে এক অভিনব যাত্রা। মোট ২০টি দল এই যাত্রায় অংশ নিয়েছে। সব মিলিয়ে তাঁরা ৩৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। তাঁদের একটাই সংকল্প—সেবা। ১৭ সেপ্টেম্বর এই যাত্রা শুরু হয়েছে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই দলগুলি বডনগর থেকে বারাণসী এবং বারাণসী থেকে বডনগরের পথে যাত্রা করবে। এটি শুধু মোটরসাইকেল যাত্রা নয়, বরং সেবার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক বিশেষ উদ্যোগ।
শহর, জেলা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম—বিভিন্ন এলাকার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন ২০টি দলের সদস্যরা। মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেবার বার্তা। শুধু কোনও এলাকার মধ্যে দিয়ে চলে যাচ্ছেন না সেবাযাত্রীরা। তাঁরা সেখানে থামছেন, মানুষের সঙ্গে কথা বলছেন এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিচ্ছেন। পুকুর, মন্দির, স্কুল, পার্ক, হাসপাতাল ও অন্যান্য জনসাধারণের জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো থেকে শুরু করে উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ, যুবদের সঙ্গে আলোচনা, গ্রামসভায় মতবিনিময় এবং গোসেবা—বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
পাশাপাশি ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণও করা হচ্ছে। পিএমশ্রী স্কুলগুলিতে গিয়ে সেবাযাত্রীরা স্কুল চত্বর পরিষ্কার করছেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন। এবং বই ও স্টেশনারি সামগ্রী বিতরণ করছেন।
হাসপাতাল, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। বিধবাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। সম্মান জানানো হচ্ছে আশা কর্মীদের। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সম্পর্ক স্থাপন ও আলোচনা। যুবদের সঙ্গে আলোচনা, গ্রামসভায় মতবিনিময়, মহিলাদের সঙ্গে আলোচনা এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো হচ্ছে। তাঁদের আকাঙ্ক্ষা ও প্রয়োজন বোঝার পাশাপাশি তৃণমূল স্তরে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলছে।
অঙ্গদানের অঙ্গীকারের মাধ্যমে মানুষের মধ্যে দানের মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ইতিহাস ও বীরদের সঙ্গে স্থানীয় মানুষের যোগসূত্র আরও দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে।
এই যাত্রায় সেবা, জনসংযোগ, যুব অংশগ্রহণ, সমাজকল্যাণ, সাংস্কৃতিক সংযোগ এবং জনসম্পৃক্ততা—একাধিক বিষয়কে একসূত্রে বাঁধা হয়েছে। দেশের এক প্রান্তের তৃণমূল স্তর থেকে অন্য প্রান্তে এই বার্তাই পৌঁছে দিচ্ছে সেবার যাত্রা।