Vantara University in Jamnagar: বন্যপ্রাণী সংরক্ষণে নতুন দিশা, বিশ্ববিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছে ‘বনতারা’, ঘোষণা অনন্ত অম্বানীর
First global university for wildlife and veterinary sciences: অনন্ত অম্বানী জানিয়েছেন, আধুনিক গবেষণা ও ক্লিনিক্যাল পরিকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং আবাসিক ক্যাম্পাসের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে। বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপনই এর লক্ষ্য।

জামনগর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানীর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ‘বনতারা’ গুজরাটের জামনগরে ‘বনতারা বিশ্ববিদ্যালয়’ চালুর ঘোষণা করেছে। এটি হবে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পশুচিকিৎসা বিজ্ঞানের জন্য বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য, বন্যপ্রাণী ও ভেটেরিনারি শিক্ষার ক্ষেত্রে ভারতকে একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
বনতারা (Vantara)-র উদ্যোগে গুজরাটের জামনগরে গড়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ ও ভেটেরিনারি বিজ্ঞানের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘বনতারা ইউনিভার্সিটি’। এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং Reliance Industries-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানী আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করেন।

এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক যুগের ‘গুরুকুল’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। যেখানে প্রাণীকল্যাণ, বৈজ্ঞানিক গবেষণা এবং বন্যপ্রাণী সংরক্ষণকে একসূত্রে গেঁথে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ পেশাদার তৈরি করা হবে। এর মাধ্যমে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্যপ্রাণী ও ভেটেরিনারি শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রাখা হয়েছে।
অনন্ত অম্বানী বলেন, “সংরক্ষণের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা কীভাবে সহমর্মিতা, জ্ঞান ও দক্ষতা দিয়ে নতুন প্রজন্মকে তৈরি করি। প্রাণীদের কষ্ট কাছ থেকে দেখেই এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে।” প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ের ভাবনা গড়ে উঠেছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে বিজোলিয়া পাথর ব্যবহার করা হয়, যা নালন্দার ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে যুক্ত। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বন, তৃণভূমি, জলাভূমি ও পাহাড়ি এলাকা থেকে সংগৃহীত মাটি, জল ও পাথর দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা ভারতের জীববৈচিত্র্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
বনতারা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, ফেলোশিপ ও বিশেষ কোর্স চালু হবে। পাঠ্যক্রমে থাকবে বন্যপ্রাণী চিকিৎসা, সার্জারি, পুষ্টিবিজ্ঞান, আচরণবিজ্ঞান, জেনেটিক্স, এপিডেমিওলজি, ‘ওয়ান হেলথ’, সংরক্ষণ নীতি প্রভৃতি বিষয়। এছাড়াও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও থাকবে।

আধুনিক গবেষণা ও ক্লিনিক্যাল পরিকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং আবাসিক ক্যাম্পাসের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে। বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপনই এর লক্ষ্য।

উল্লেখ্য, অনন্ত অম্বানীর স্বপ্নের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ‘বনতারা’ (Vantara) গুজরাটের জামনগরে অবস্থিত। বনতারা ইতিমধ্যেই বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয় সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের এক দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
