
নয়া দিল্লি: পালাবদলের পর রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু করা হচ্ছে। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, সব প্রকল্পই একে একে রাজ্যে কার্যকর হবে বলে জানা গিয়েছে। আর এবার প্রকল্পের প্রস্তাব পাঠাল বাংলা। কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে ২০০ কোটির ফান্ড।
দুর্গাপুর, আসানসোল, দার্জিলিং এবং কালিম্পংকে কেন্দ্র করে স্বচ্ছ ভারতের পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ‘স্বচ্ছ ভারত মিশনে’ ২০০ কোটি টাকার প্রজেক্টের প্রস্তাব পাঠাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
চলতি মাসের শেষেই কোথায় কী কী প্রজেক্ট হবে, তা নিয়ে আলোচনা করতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে স্বচ্ছ ভারত মিশনের জাতীয় স্তরের রিভিউ মিটিংয়ে যোগ দেন অগ্নিমিত্রা পল। বৈঠকে শেষে তিনি জানান, এতদিন রাজ্য সরকার মোট ফান্ডের মাত্র ১৬ শতাংশ ব্যবহার করেছে। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের র্যাংকিং এতদিন ছিল শূন্য, কারণ পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করত না।”
রাজ্যের পুরমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট শহরগুলোতে, দিনে দুবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হবে। আবর্জনা ফেলার একাধিক ভিন্ন ভিন্ন জায়গা আছে। মেইন রোড ছাড়াও অলি-গলি পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। ড্রেনে কোনও ময়লা ফেলা যাবে না। সারা বাংলাকে আস্তে আস্তে প্লাস্টিক-মুক্ত করা হবে। স্কুলের পাঠ্যবইতে পরিচ্ছন্নতার বিষয় যুক্ত করার কথাও ভাবা হচ্ছে। ছেলে ও মেয়েদের স্কুল, বস্তি, হাইওয়ের উপর শৌচালয় তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।