
কলকাতা: পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গের পরিকাঠামো, বিনিয়োগ, কর্মসংস্থান, কাজের সুযোগ তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে বিশেষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতায় অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। কলকাতা ও বাংলায় যে শিল্পগত গুরুত্ব ও বৈভব ছিল তা পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জি কিষাণ রেড্ডি বলেন, “নির্বাচনের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে। আমার দফতরের তরফে পশ্চিমবঙ্গের জন্য যা করার প্রয়োজন পরিকাঠামো হোক বা বিনিয়োগ হোক কর্মসংস্থান হোক, সব কিছু করতে হবে। প্রধানমন্ত্রী এরকম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে একসময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। এবার সময় এসেছে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।”
পশ্চিমবঙ্গে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প পাইপলাইনে রয়েছে এবং ইতিমধ্যে ৭৯ হাজার কোটি টাকার বেশি পরিকাঠামো খাতে খরচ হয়েছে বলে দাবি।
বাংলা-ওড়িশাকে একসঙ্গে কাজে লাগিয়ে পূর্ব ভারতকে ম্যানুফ্যাকচারিং গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
ওড়িশা দেশের অ্যালুমিনিয়াম শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। সেই অ্যালুমিনিয়াম ইকোসিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গের MSME-কে যুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের কয়লা খাতে বেআইনি খনন, অবৈধ সংযোগ ও রাজস্ব সংক্রান্ত অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা আনার দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কয়লা ও খনি খাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বাড়ানোর জন্য কেন্দ্র কাজ করছে।