Census: কবে থেকে শুরু হচ্ছে জাতিভিত্তিক জনগণনা? খরচ জানলে মাথা ঘুরে যাবেই…

Caste Based Census: ২০২১ সালে জনগণনার জন্য ৩১টি প্রশ্ন তৈরি করা হয়েছিল, জাতিভিত্তিক গণনা হলে, তালিকায় আরও একটি প্রশ্ন যোগ হতে পারে।

Census: কবে থেকে শুরু হচ্ছে জাতিভিত্তিক জনগণনা? খরচ জানলে মাথা ঘুরে যাবেই...
শুরু হচ্ছে জনগণনা।Image Credit source: PTI

|

May 01, 2025 | 2:51 PM

নয়া দিল্লি: কেন্দ্রের বড় ঘোষণা। জনসুমারিতে হবে জাতি ভিত্তিক গণনাও। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। এরপরই প্রশ্ন উঠেছে, কবে থেকে জনগণনা শুরু হবে? সব ঠিক চললে আগামী কয়েক মাসের মধ্যেই জাতি ভিত্তিক জনসুমারি হতে পারে। এমনটাই সূত্রের খবর। জনগণনা শেষ হবে ২০২৬ সালের মধ্যে।

কেন্দ্রীয় সরকারের তরফে জনসুমারি বা জনগণনা নিয়ে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ বা ডেডলাইন ঘোষণা করা হয়নি, তবে ২০২১ সাল থেকে জনসুমারি বাকি থাকায় বেশি দেরি করতে চাইছে না সরকার। এমনটাই ওয়াকিবহাল মহল সূত্রে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “জনসুমারিতে জাতিভিত্তিক গণনা যোগ করা হবে কি না, তা নিয়েই এতদিন সংশয় ছিল। এবার শীঘ্রই জনগণনা শুরু হতে পারে।”

২০২১ সালে জনগণনার জন্য ৩১টি প্রশ্ন তৈরি করা হয়েছিল, জাতিভিত্তিক গণনা হলে, তালিকায় আরও একটি প্রশ্ন যোগ হতে পারে। গত মার্চ মাসেই স্বরাষ্ট্র মন্ত্রক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছিল যে জনসুমারির প্রস্তুতির কাজ যেন সেরে ফেলা হয়। সেই কাজ হয়ে যাওয়ার কারণেই বরাদ্দও কমানো হয়েছে।

২০২৪-২৫ সালে জনসুমারির জন্য কেন্দ্রের বরাদ্দ ছিল ১৩০৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তা কমিয়ে ৫৭৪ কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনগণনা শুরু হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তহবিল দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে ২০২১ সালে জনসুমারি হতে চলেছে। এর জন্য ৮ হাজার ৭৫৪ কোটি টাকাও বরাদ্দ করা হয়। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার জন্য আরও ৩৯৪১.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই জনসুমারি স্থগিত হয়ে যায়। এরপর আর জনসুমারি হয়নি। এবার তা হতে চলেছে।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-

 

Follow Us