
কলকাতা: ভারতে গাড়ি চালানোর সময় আমরা একটি বিষয় সবাই জানি। গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকে ও রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চলাচল করে। কিন্তু বিশ্বের অনেক দেশে আবার এর উল্টো। তাহলে প্রশ্ন ওঠেই, ভারতে কেন এই নিয়ম এখনও চালু রয়েছে? স্বাধীনতার এত বছর পর কেন এই ব্যবস্থা চালু হয়নি? বিশ্বের প্রায় ৭৫টি দেশে ডান দিকে স্টিয়ারিং বা রাইট হ্যান্ড ড্রাইভ ব্যবস্থা চালু রয়েছে। এই দেশগুলিতে গাড়ির স্টিয়ারিং থাকে ডান দিকে ও গাড়ি চলে রাস্তার বাঁ দিক দিয়ে। ভারত ছাড়াও ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ একাধিক দেশে এই নিয়ম চালু আছে।
ভারতে ডান দিকের স্টিয়ারিং ব্যবহার শুরু ব্রিটিশ আমলে। ১৯ শতকের শেষদিকে ভারতে মোটরগাড়ির ব্যবহার চালু হয়। সেই সময় ব্রিটেনে রাস্তার বাঁ দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম ছিল। ব্রিটিশরা ভারতেও সেই নিয়ম চালু করে। ইতিহাসবিদরা বলেন, এই নিয়ম আরও পুরোনো। মধ্যযুগে ইউরোপের ঘোড়ায় চড়ার সময় মানুষ রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটত। এর ফলে ডান হাত অস্ত্র ধরা ও অন্য কাজের জন্য খালি রাখা যেত। ধীরে ধীরে এই নিয়ম ব্রিটেনেও চালু হয়।
১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পর ভারত চাইলে আমেরিকা বা ইউরোপের মতো বাঁ দিকে স্টিয়ারিং ব্যবস্থা চালু করতে পারত। কিন্তু সরকার পুরোনো নিয়ম বজায় রাখে। এর প্রধান কারণ ছিল খরচ ও বাস্তব সমস্যা। ততদিনে দেশের রাস্তা, গাড়ি তৈরির কারখানা সবই পুরনো নিয়মে তৈরি হয়েছিল। এর পাশাপাশি ড্রাইভারদের আবার নতুন করে প্রশিক্ষণ দিতে হত। তাই স্বাধীনতার পরেও ভারত আগের ব্যবস্থাই চালু রাখে। বর্তমানে ভারতের গাড়ি শিল্পের জন্য এই ব্যবস্থা বড় সুবিধা হয়ে উঠেছে। বিশ্বের প্রায় ৭৫টি দেশের রাইট হ্যান্ড ড্রাইভের চাহিদা রয়েছে। ফলে ভারত সহজেই এই দেশগুলিতে গাড়ি রপ্তানি করতে পারে।