
কলকাতা: বর্তমানে যে ট্রেন চলে তার অধিকাংশ বগিই LHB কোচ। অর্থাৎ Linke-Hofmann-Busch। আধুনিক এই কোচ যাত্রী বান্ধব এবং ঘাত-প্রতিঘা সহজে নষ্ট হয় না, যে কোনও দুর্ঘটনায় যাত্রীদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও কম থাকে। তবে জানেন এত অত্যাধুনিক কোচ ব্যবহারের পরও ট্রেন ছাড়ার সময় ঝাঁকুনি কেন হয়?
ট্রেন ছাড়ার সময় বা থামার মুহূর্তে LHB কোচে অনেক যাত্রী তুলনামূলক বেশি ঝাঁকুনি অনুভব করেন। পুরনো ICF কোচের সঙ্গে LHB কোচের পার্থক্যই এর অন্যতম প্রধান কারণ। মূলত, LHB কোচে ব্যবহৃত হয় Tight-lock CBC বা Centre Buffer Coupler। এই ব্যবস্থায় কোচগুলির মধ্যে ঢিল অনেকটাই কম থাকে। ফলে ট্রেন চলা শুরু হতেই ইঞ্জিনের টান কিংবা থামার সময় ব্রেকের প্রভাব দ্রুত পরবর্তী কোচগুলিতে পৌঁছে যায়। যাত্রীদের কাছে সেই কারণেই ঝাঁকুনিটা অনেক সময় বেশি তীব্র বলে মনে হয়।
তবে এই কাপলিং ব্যবস্থা শুধুমাত্র যাত্রীদের আরামের কথা মাথায় রেখে তৈরি নয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নিরাপত্তা বাড়ানো। CBC-এর Anti-climbing ব্যবস্থা দুর্ঘটনার সময় কোচগুলিকে একটির উপর আরেকটি উঠে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। উচ্চগতির ট্রেনের ক্ষেত্রে এই নিরাপত্তা ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ।