Supreme Court on NEET-PG: NEET-PG-র প্রশ্নপত্র ও উত্তর প্রকাশে আপত্তি কেন? ব্যাখ্যা দিতে বলল সুপ্রিম কোর্ট

Supreme Court: সোমবার বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে NEET-PG পরীক্ষা সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। ২০২৬ সালের NEET-PG পরীক্ষায় আরও স্বচ্ছতা আনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চিকিৎসক ও পরীক্ষার্থী।

Supreme Court on NEET-PG: NEET-PG-র প্রশ্নপত্র ও উত্তর প্রকাশে আপত্তি কেন? ব্যাখ্যা দিতে বলল সুপ্রিম কোর্ট

Nov 02, 2026 | 4:16 PM

নয়া দিল্লি: NEET-PG পরীক্ষার প্রশ্নপত্র এবং সঠিক উত্তর প্রকাশ করা হলে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হবে, নাকি প্রশ্ন ফাঁসের আশঙ্কা বাড়বে? এই প্রশ্নেই এবার জাতীয় মেডিক্যাল পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা NBEMS-কে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্রের কপি তুলে দিলে পরীক্ষার স্বচ্ছতা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তা লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সোমবার বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে NEET-PG পরীক্ষা সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। ২০২৬ সালের NEET-PG পরীক্ষায় আরও স্বচ্ছতা আনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চিকিৎসক ও পরীক্ষার্থী। তাঁদের দাবি, পরীক্ষায় আসা আসল প্রশ্ন, সঠিক উত্তর এবং পরীক্ষার্থীদের দেওয়া উত্তর প্রকাশ করতে হবে।

বর্তমানে NBEMS পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের আসল প্রশ্ন না দেখিয়ে শুধুমাত্র ‘Question ID’ নম্বরের মাধ্যমে উত্তর ও পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া প্রকাশ করছে। অর্থাৎ, কোন প্রশ্নের উত্তরে পরীক্ষার্থী কী লিখেছেন, তার বদলে নির্দিষ্ট প্রশ্নের আইডি নম্বর এবং উত্তরের নম্বর জানানো হচ্ছে।

আবেদনকারীদের বক্তব্য, NEET-PG পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্ন এবং উত্তরের বিকল্পের ক্রম আলাদা থাকে। ফলে শুধু প্রশ্নের আইডি নম্বর দেখে তাঁরা বুঝতে পারছেন না, কোন প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন। এতে নিজেদের প্রাপ্ত নম্বরও ঠিকমতো যাচাই করা সম্ভব হচ্ছে না। তাঁদের দাবি, JEE, CLAT এবং AIIMS INI-CET-এর মতো পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রকাশ করা হয়। NEET-PG-র ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু করা উচিত।

অন্যদিকে, NBEMS-এর আইনজীবী নিমা আদালতে জানান, NEET-PG-র প্রশ্নের সংখ্যা সীমিত। প্রতি বছর প্রশ্নপত্র প্রকাশ করা হলে কয়েক বছরের মধ্যে সমস্ত প্রশ্ন কোচিং সংস্থাগুলির হাতে পৌঁছে যাবে। তখন পরীক্ষার্থীরা বিষয়টি না বুঝেই শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এতে প্রকৃত মেধা ও দক্ষতা যাচাই করা কঠিন হয়ে পড়বে। কারণ, ভবিষ্যতে এই পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদেরই সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিতে হবে।

তবে NBEMS-এর এই যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। বিচারপতি পিএস নরসিমা প্রশ্ন তোলেন, পরীক্ষার স্বচ্ছতার বিষয়টি তা হলে কীভাবে নিশ্চিত করা হবে? অন্য পরীক্ষার তুলনায় NEET-PG-র ক্ষেত্রে আলাদা নিয়ম কেন প্রয়োজন, তারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে আদালত।

NBEMS-কে লিখিতভাবে জানাতে হবে, প্রশ্নপত্র ও উত্তর প্রকাশ করলে কীভাবে পরীক্ষার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ব্যাখ্যা পাওয়ার পরেই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us