
নয়া দিল্লি: আপাতত সংঘর্ষ বিরতি চলছে। তবে ইরান-আমেরিকার সংঘাত কোন দিকে যাবে, তা এখনও বলা যাচ্ছে না। এবার সরাসরি ইরান থেকে নিয়মিত তেল কিনতে উদ্যোগী ভারত। সূত্রের খবর, বেসরকারি সংস্থা ইরান থেকে অপরিশোধিত তেল কেনার প্রক্রিয়া শুরু করেছে।
জানা গিয়েছে, বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইরানের কাছ থেকে সরাসরি তেল কিনতে পারে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আইনি জটিলতা এবং কীভাবে পেমেন্ট হবে অর্থাৎ কোন দেশের মুদ্রায় লেনদেন হবে, সেই সংক্রান্ত বিষয়ে কোন বাধা তৈরি হবে কি না, তা খতিয়ে দেখার জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, যদি সমস্ত ছাড়পত্র মেলে তবে গুজরাটের সিক্কা বন্দরে ইরান থেকে অপরিশোধিত তেল আনা হবে।
তিনটি সূত্র মারফত জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RELI.NS) অনুরোধে ভারতের জাহাজ মন্ত্রক ইরানের তেলবাহী চারটি জাহাজকে সিক্কা বন্দরে নোঙর করার বিশেষ অনুমতি দিয়েছে।
অন্যদিকে, ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ভারতকে আগের মত তেল এবং গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছে কাতার। দোহায় কাতারের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে গতকালই বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একইসঙ্গে বিনা শুল্কে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা নিয়েও দুই দেশের পেট্রোলিয়াম মন্ত্রীর কথা হয়েছে।
এর পাশাপাশি যুদ্ধ আবহে তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে মরিশাসের সঙ্গে ভারতের নতুন চুক্তি সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব রণধীর জয়সওয়াল। যুদ্ধ বিরতির পরই আগের মতো আমদানি-রফতানি ফের চালু করতে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহারিন সরকারের সঙ্গে কথা বলেছেন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মার্কিন আধিকারিকদের বৈঠকের পর ঠিক হয়েছে আগামী মে মাসেই ভারতে আসবেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।