Himachal Pradesh News: ৪ দিনেই বিকল আইফোন, ২৯ হাজার খরচ করে সুদ সমেত ৫৯ হাজার পেলেন ক্রেতা

Himachal Pradesh Viral News: কমিশনের ২ নভেম্বরের নির্দেশে বলা হয়েছে, ছ'মাসের ওয়ারেন্টি দেওয়ার পরেও একাধিক ত্রুটি থাকা মোবাইল বিক্রি করেছিল সংশ্লিষ্ট দোকান। পরে সেই ফোন মেরামত করা বা ক্রেতাকে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি দোকান কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, উনার রাক্কার কলোনির বাসিন্দা মমতা কাদিয়ান ২০২৩ সালের ২৭ অক্টোবর চণ্ডীগড়ের সেক্টর ২২বি-র অরোহি মোবাইল হাব থেকে একটি নীল রঙের সেকেন্ড হ্যান্ড আইফোন ১২ কেনেন।

Himachal Pradesh News: ৪ দিনেই বিকল আইফোন, ২৯ হাজার খরচ করে সুদ সমেত ৫৯ হাজার পেলেন ক্রেতা
প্রতীকী ছবিImage Credit source: Pexel

Nov 15, 2026 | 4:08 PM

উনা : সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে বিপাকে পড়েছিলেন এক মহিলা। ২৯ হাজার টাকা দিয়ে কেনা আইফোন ১২ মাত্র তিন-চার দিনের মধ্যেই খারাপ হয়ে যায়। এরপর দোকানে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত ক্রেতার অভিযোগের ভিত্তিতে বড় নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কমিশন।চণ্ডীগড়ের একটি মোবাইল দোকানকে ওই মহিলার ২৯ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, টাকা ফেরতের পাশাপাশি ৯ শতাংশ বার্ষিক সুদ, মানসিক হয়রানির জন্য ২০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং মামলার খরচ বাবদ আরও ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের ২ নভেম্বরের নির্দেশে বলা হয়েছে, ছ’মাসের ওয়ারেন্টি দেওয়ার পরেও একাধিক ত্রুটি থাকা মোবাইল বিক্রি করেছিল সংশ্লিষ্ট দোকান। পরে সেই ফোন মেরামত করা বা ক্রেতাকে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি দোকান কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, উনার রাক্কার কলোনির বাসিন্দা মমতা কাদিয়ান ২০২৩ সালের ২৭ অক্টোবর চণ্ডীগড়ের সেক্টর ২২বি-র অরোহি মোবাইল হাব থেকে একটি নীল রঙের সেকেন্ড হ্যান্ড আইফোন ১২ কেনেন। ফোনটির দাম ছিল ২৯ হাজার টাকা। দোকান থেকে তাঁকে ১৫৯ নম্বরের একটি বিল দেওয়া হয়। সেই বিলেই হাতে লিখে উল্লেখ করা হয়েছিল, ফোনে কোনও সমস্যা হলে ছ’মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে।

কিন্তু ফোন কেনার তিন থেকে চার দিনের মধ্যেই সেটি কাজ করা বন্ধ করে দেয়। বিষয়টি দোকান কর্তৃপক্ষকে জানান মমতা। এরপর ২০২৩ সালের ৩ নভেম্বর তিনি দোকানে গিয়ে ফোনটি জমা দেন। দোকানের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, কোনও অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ফোনটি পরীক্ষা করিয়ে মেরামত করা হবে। সমস্যা ঠিক করা না গেলে ১৫ দিনের মধ্যে পুরো ২৯ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়। এমনকী টাকা ফেরতের জন্য তাঁর স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং কিউআর কোডও নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

তবে অভিযোগ, “বারবার ফোন করা সত্ত্বেও মেলেনি কোনও সমাধান। কাজ করা ফোনও ফেরত পাননি মমতা। টাকাও ফেরত দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ২০২৪ সালের ১৮ জানুয়ারি দোকান কর্তৃপক্ষ ফোনটি মেরামত করে দেওয়া বা টাকা ফেরত দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর দোকানকে আইনি নোটিস পাঠান ওই মহিলা। কিন্তু তারও কোনও জবাব দেওয়া হয়নি।

এরপর ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন মমতা। শুনানির সময় তিনি নিজের হলফনামা, ফোন কেনার বিল এবং আইনি নোটিসের কপি জমা দেন। কমিশন জানায়, বিল থেকেই ফোনের দাম এবং ছ’মাসের ওয়ারেন্টির বিষয়টি প্রমাণিত হয়েছে। পাশাপাশি আইনি নোটিস থেকে স্পষ্ট, দোকান কর্তৃপক্ষকে অভিযোগের কথা জানানো হয়েছিল।

কমিশন আরও জানায়, দোকান কর্তৃপক্ষকে যথাযথভাবে নোটিস পাঠানো হলেও তারা শুনানিতে হাজির হয়নি এবং কোনও লিখিত জবাবও জমা দেয়নি। ফলে একতরফাভাবে মামলার শুনানি হয়। জমা দেওয়া নথি ও প্রমাণের ভিত্তিতে কমিশনের পর্যবেক্ষণ, ত্রুটিপূর্ণ ফোন বিক্রি করে ওয়ারেন্টির শর্ত না মানায় পরিষেবায় ঘাটতি রয়েছে দোকানের।

কমিশনের সভাপতি ডি আর ঠাকুর এবং সদস্য অনুপ কুমার এই নির্দেশ দিয়েছেন। নির্দেশের প্রতিলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে দোকান কর্তৃপক্ষকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ, ২৯ হাজার টাকা ফেরতের পাশাপাশি ৯ শতাংশ বার্ষিক সুদ, ২০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং ১০ হাজার টাকা মামলার খরচও দিতে হবে দোকানকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us