Nirmal ‘Nimsdai’ Purja: পাহাড়ই ছিল জীবন, সেই পাহাড়ই কাড়ল প্রাণ! ব্রড পিকে তুষারধসে মৃত্যু বিশ্বখ্যাত পর্বতারোহী নিমসদাই পুরজার

Avalanche Death: নির্মল পুরজা শুধু একজন দক্ষ পর্বতারোহীই ছিলেন না, তিনি আগে ব্রিটেনের ব্রিগেড অব গুর্খা এবং রয়্যাল মেরিনস স্পেশাল বোট সার্ভিস (SBS)-এর সদস্যও ছিলেন। পরবর্তীকালে পূর্ণসময়ের পর্বতারোহী ও অভিযান পরিচালনাকারী হিসেবে তিনি একের পর এক নজির গড়েন।

Nirmal Nimsdai Purja: পাহাড়ই ছিল জীবন, সেই পাহাড়ই কাড়ল প্রাণ! ব্রড পিকে তুষারধসে মৃত্যু বিশ্বখ্যাত পর্বতারোহী নিমসদাই পুরজার
বিখ্যাত পর্বতারোহী নিমসদাই পুরজা।Image Credit source: Facebook

|

Aug 02, 2026 | 6:53 AM

নয়া দিল্লি: দুর্গম পাহাড় চড়াও তাঁর কাছে জল-ভাত ছিল। খাড়াই পথ হোক বা পাহাড়ের গা, তরতরিয়ে উঠে যেতেন তিনি। সেই পাহাড়েই গেল প্রাণ। প্রয়াত বিশ্বের অন্যতম নামকরা পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজা। বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ, ব্রড পিকে পর্বতারোহণের সময় তুষারধসে প্রাণ হারিয়েছেন নেপাল বংশোদ্ভূত এই বিখ্যাত পর্বতারোহী, এমনটাই জানানো হয়েছে। রবিবার (২ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টে তাঁর সংস্থা এলিট এক্সপেড মৃত্যুর খবর নিশ্চিত করে।

সংস্থার তরফে জানানো হয়েছে, গত শুক্রবার ব্রড পিকে তুষারধসের পর নির্মল পুরজা-সহ মোট ছয়জন পর্বতারোহী নিখোঁজ হয়ে যান। দীর্ঘ তল্লাশির পরও তাদের পাওয়া যায়নি। এরপরই নিয়ম অনুযায়ী নিশ্চিত ধরে নেওয়া  হয় যে নির্মল পুরজা এবং অভিযানের আরও কয়েকজন সদস্য আর বেঁচে নেই।

এলিট এক্সপেড তাদের পোস্টে জানিয়েছে, “গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, নির্মল ‘নিমসদাই’ পুরজা ব্রড পিকে তুষারধসে প্রাণ হারিয়েছেন। তাঁর সঙ্গে অভিযানে থাকা পুর বাহাদুর গুরুং (ইউক্তা) এবং নিমা শেরপাও প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”

উল্লেখ্য, ব্রড পিক কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এটি পাকিস্তানের গিলগিট-বালতিস্তান এবং চিনের জিনজিয়াং সীমান্তের কাছে, কে-২ শৃঙ্গের অদূরে অবস্থিত। জানা গিয়েছে, প্রায় ২১,৬০০ থেকে ২১,৮৫০ ফুট উচ্চতায় ব্রড পিকের ওয়েস্ট রিজ রুটে এই ভয়াবহ তুষারধস নেমেছিল।

নির্মল পুরজা শুধু একজন দক্ষ পর্বতারোহীই ছিলেন না, তিনি আগে ব্রিটেনের ব্রিগেড অব গুর্খা এবং রয়্যাল মেরিনস স্পেশাল বোট সার্ভিস (SBS)-এর সদস্যও ছিলেন। পরবর্তীকালে পূর্ণসময়ের পর্বতারোহী ও অভিযান পরিচালনাকারী হিসেবে তিনি একের পর এক নজির গড়েন।

২০১৯ সালে তিনি মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি ৮,০০০ মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে ইতিহাস সৃষ্টি করেন। তাঁর এই অভিযান ‘প্রজেক্ট পসিবল’ নামে পরিচিত। এরপর ২০২১ সালে তিনি ১০ জন নেপালি পর্বতারোহীর সেই ঐতিহাসিক দলের সদস্য ছিলেন, যারা প্রথমবার শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে২ জয় করেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র ’14 Peaks: Nothing Is Impossible’-এর মাধ্যমে নির্মল পুরজা বিশ্বজুড়ে পরিচিতি পান। তাঁর অসাধারণ সাফল্য এবং অদম্য মানসিকতা লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং নিজের সীমা অতিক্রম করার অনুপ্রেরণা জুগিয়েছিল। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে নেমেছে শোকের ছায়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us