
নয়া দিল্লি: বিশ্বের বৃহত্তম ধর্ম হতে চলেছে ইসলাম। টপকে যাবে খ্রিস্টান ধর্মকেও। পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, ইসলাম ও খ্রিস্টান- দুই ধর্মের জনসংখ্য়াই বৃদ্ধি পাচ্ছে, তবে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে দ্রুত হারে বাড়ছে। আগামী ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের সবথেকে বড় ধর্মে পরিণত হবে।
গত ২৫ বছর ধরে ধর্মীয় জনসংখ্যার পরিসংখ্যান নিয়ে পিউ রিসার্চ সেন্টার স্টাডির গবেষণায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মুসলিমদের মধ্যে জন্মহার বেশি হওয়ার কারণেই দ্রুত হারে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়ছে। এছাড়া ধর্মান্তকরণ ও ধর্মীয় পরিচিতিতে পরিবর্তনও ভূমিকা পালন করছে।
পিউ-র জনসংখ্য়াতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেছেন, “এর কারণ হল শিশুরা”। ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের জন্মহার ছিল ৩.১ শিশু। সেখানেই খ্রিস্টান মহিলাদের মধ্যে জন্মহার হল ২.৫ শিশু। অন্য মহিলাদের মধ্যে গড় জন্মহার ছিল ১.৬ শিশু, যা প্রতি প্রজন্ম প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ২.১ সীমা নীচে।
পিউ-র পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে ২.২৭ বিলিয়ন বা ২২৭ কোটি খ্রিস্টান জনসংখ্যা ছিল। বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ২.০২ বিলিয়ন অর্থাৎ ২০২ কোটি। আগামী ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২.৫৭ বিলিয়ন অর্থাৎ ২৫৭ কোটি হয়ে যাবে। সেখানেই খ্রিস্টান জনসংখ্যা হবে ২৫২ কোটি বা ২.৫২ বিলিয়ন।
যদি এই ধারাই বজায় থাকে, তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে ৩.৬ বিলিয়ন অর্থাৎ ৩৬০ কোটি মুসলিম থাকবে। খ্রিস্টানদের সংখ্যা হবে ৩ বিলিয়ন অর্থাৎ ৩০০ কোটি।
এই পূর্বাভাসগুলি পিউ-এর একটি বৃহত্তর প্রকল্পের অংশ, যেখানে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর আকার কীভাবে পরিবর্তিত হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পূর্বাভাসগুলিতে ধর্মীয় গোষ্ঠীগুলোর বয়স কাঠামো, জন্মহার, ধর্মান্তরের প্রবণতা এবং অভিবাসন পদ্ধতির সাম্প্রতিক পার্থক্যগুলি বিবেচিত হয়েছে।
পিউ-এর সমীক্ষা অনুযায়ী, আগামী ৪০ বছরের মধ্যে আমেরিকায় খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। পিউ-এর মতে, বর্তমানে খ্রিস্টানরা মোট জনসংখ্যার ৬২ শতাংশ।২০৬৫ সালের মধ্যে এই হার কমে ৫০ শতাংশেরও কম হবে। প্রতিবেশী দেশ কানাডাতেও খ্রিস্টান জনসংখ্যা কমছে। ২০৩০ সালের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা ৫০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। উভয় দেশেই এই হ্রাসের একটি প্রধান কারণ হল, কোনও ধর্মীয় পরিচয় বিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি। ২০৭০ সালের মধ্যে আমেরিকায় এই ধরনের মানুষ মোট জনসংখ্যার ৪১ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।
পিউ-এর গবেষণা মতে, হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়ছে, তবে বিশ্ব জনসংখ্যায় তাদের শতাংশ হ্রাস পাবে বলেই অনুমান। পাশাপাশি বৌদ্ধদের সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ হ্রাস পাবে। এর প্রধান একটি কারণ হল, চিন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মোট জনসংখ্যা হ্রাস। পিউ-এর মতে, আগামী দশকগুলিতে বিশ্বের জনসংখ্যার বেশিরভাগ বৃদ্ধি আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণের অঞ্চলে ঘটবে বলে আশা করা হচ্ছে, যেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান বা মুসলিম।
পিউ-এর অনুমান অনুযায়ী, আমেরিকায় খ্রিস্টানের সংখ্যা ২০২০ সালের প্রায় ২১৭ মিলিয়ন থেকে কমে ২০৭০ সালে প্রায় ১৭৪ মিলিয়নে দাঁড়াবে। পূর্বাভাস অনুসারে, ২০২০-২০২৫ সালের মধ্যে মুসলিম মহিলারা অন্য যেকোনও ধর্মের মহিলাদের চেয়ে বেশি সন্তানের জন্ম দেবেন। মুসলিম মায়েদের গর্ভে প্রায় ২৫২ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে, যেখানে খ্রিস্টান মায়েদের গর্ভে জন্ম নিয়েছে ২০৮ মিলিয়ন শিশু।
পিউ-এর গবেষণা মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে পাকিস্তানে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা থাকবে। এর পরেই থাকবে ভারত, নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া।