AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কখন প্রয়োজন পড়ে অক্সিজেন কনসেনট্রেটরের? কীভাবে ব্যবহার করতে হয় এই যন্ত্র?

কী এই অক্সিজেন কনসেনট্রেটর? কখন ব্যবহার করা যায় এই যন্ত্র? সেই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র।

কখন প্রয়োজন পড়ে অক্সিজেন কনসেনট্রেটরের? কীভাবে ব্যবহার করতে হয় এই যন্ত্র?
ফাইল চিত্র
| Updated on: May 01, 2021 | 6:46 PM
Share

কলকাতা: অক্সিজেনের (Oxygen) হাহাকার গোটা দেশজুড়ে। আজ শনিবারও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হয়েছে দিল্লিতে। সেখানকার এক চিকিৎসক-সহ মোট ১২ জন অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন। খোলা বাজারেও মিলছে না অক্সিজেন। গোটা দেশেই আকাল। আর এই পরিস্থিতিতে বারবার নাম উঠে আসছে অক্সিজেন কনসেনট্রেটরের। কী এই অক্সিজেন কনসেনট্রেটর? কখন ব্যবহার করা যায় এই যন্ত্র? সেই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র।

কী এই অক্সিজেন কনসেনট্রেটর?

এই যন্ত্রটি অক্সিজেন সরবরাহের একটি বিশেষ যন্ত্র। যা পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে রোগীর চাহিদা মেটায়। সাধারণ বায়ুতে ৭৮ শতাংশ নাইট্রোজেন, ২১ শতাংশ অক্সিজেন ও ১ শতাংশ অন্যান্য বায়ু থাকে। অক্সিজেন কনসেনট্রেটর সাধারণ বায়ু সংগ্রহ করে সেখান থেকে নাইট্রোজেন বাদ দিয়ে শুধুমাত্র অক্সিজেন রোগীর নাকে পৌঁছে দেয়। কনসেনট্রেটরের মাধ্যমে ৯০ থেকে ৯৫ শতাংশ শুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। এই যন্ত্রের মাধ্যমে প্রতি মিনিটে ১-১০ লিটার অক্সিজেন জোগান দেওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে এই যন্ত্র টানা ৭ দিন ২৪ ঘণ্টা করে চলতে পারে। ঠিক থাকে প্রায় ৫ বছর।

করোনা আক্রান্তদের জন্য এই যন্ত্র কতটা কার্যকরী?

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, মাঝারি ও সামান্য উপসর্গযুক্ত করোনা আক্রান্তদের জন্য অত্যন্ত কার্যকরী এই যন্ত্র। অক্সিজেন লেভেল ৮৮ শতাংশের বেশি হলে অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে রোগীর চাহিদা মেটানো সম্ভব।

আপনি চাইলেই কি অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করতে পারেন?

আপনি চাইলেই নিজে থেকে অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার করা সম্ভব। কিন্তু তা করতে নিষেধ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের সাহায্যেই কনসেনট্রেটর থেকে অক্সিজেন নেওয়া উচিত।

অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে ফারাক কী?

অক্সিজেন কনসেনট্রেটরে কোনও স্টোরেজ থাকে না। তাই বারবার রিফিলিংয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু সিলিন্ডারে রিফিলিংয়ের প্রয়োজন পড়ে না। তবে অক্সিজেন কনসেনট্রেটর চালানোর জন্য রোজ বিদ্যুতের খরচ বহন করতে হয়।

একটি অক্সিজেন কনসেনট্রেটর থেক ক’জন অক্সিজেন নিতে পারেন?

একটি অক্সিজেন কনসেনট্রেটর মিনিটে ৫-১০ লিটারের বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে না। কিন্তু একটি সিলিন্ডার মিনিটে ৪০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে। তবে বিশেষজ্ঞরা একটি অক্সিজেন কনসেনট্রেটর থেকে একজনকেই অক্সিজেন সরবরাহের পক্ষে কথা বলেন। কারণ দু’জন একই কনসেনট্রেটর থেকে অক্সিজেন নিলে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়।

কত দাম অক্সিজেন কনসেনট্রেটরের?

অক্সিজেন কনসেনট্রেটরের দাম অক্সিজেন সিলিন্ডারের থেকে বেশি। একটি অক্সিজেন কনসেনট্রেটরের দাম ৪০ হাজার থেকে ৯০ হাজার টাকা। যেখানে একটি অক্সিজেন সিলিন্ডারের দাম ৮ হাজার থেকে ২০ হাজার টাকা।

আরও পড়ুন: ‘আবেগ সংযত করুন’, করোনা মামলার শুনানিতে বিচারপতিদের উদ্দেশে সুপ্রিম বার্তা

Follow Us