
নয়া দিল্লি: চলতি মাসেই কংগ্রেসে যোগদান করেছেন। দলে যোগ দিয়েই এবার বড় দায়িত্ব পেতে চলেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) বোন ওয়াইএস শর্মিলা রেড্ডি। অন্ধ্র প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত হতে চলেছে তিনি। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
অন্ধ্র প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন গিদগু রুদ্র রাজু। সম্প্রতি তিনি সেই পদে ইস্তফা দিয়েছেন। এরপরই অন্ধ্র কংগ্রেসের প্রধান হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মেয়ে ওয়াইএস শর্মিলা রেড্ডির নাম উঠে এসেছে। তিনিই এবার অন্ধ্র কংগ্রেসের দায়িত্ব নিতে পারেন এবং শীঘ্রই দলের তরফে বিষয়টি ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। শর্মিলা রেড্ডি অন্ধ্র কংগ্রেসের প্রধান হলে এটা লোকসভা ভোটের আগে কংগ্রেসের বড় চমক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি কংগ্রেসে যোগদান করেছেন ওয়াইএস শর্মিলা রেড্ডি। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে রাহুল গান্ধীর উপস্থিতিতে তাঁকে দলীয় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। দলে যোগদান করে শর্মিলা রেড্ডি জানান, কংগ্রেস দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দল এবং দেশের সমস্ত শ্রেণির মানুষকে একত্রিত করে সমস্ত সম্প্রদায়ের জন্য কাজ করে। দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি সেটাই পালন করবেন জানিয়ে বাবার স্বপ্নের কথাও তুলে ধরেন রাজশেখর রেড্ডির কন্যা। তিনি বলেন, “বাবার স্বপ্ন ছিল, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবেন। সেই স্বপ্ন পূরণ করতে কিছু করতে পারলে খুশি হব।” তিনি কেবল একা নন, তাঁর পুরো দল অর্থাৎ ওয়াইএসআর তেলঙ্গানা পার্টি কংগ্রেসে সামিল হবে বলেও সেদিন ঘোষণা করেন শর্মিলা রেড্ডি। স্বাভাবিকভাবে এবার তাঁর হাত ধরে কংগ্রেস অন্ধ্রে আধিপত্য বিস্তার করতে মরিয়া এবং গোটা বিষয়টি জগন্মোহন রেড্ডির মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।