SIR in Bengal: ভোটের একদিন আগে ১৩৬ জনকে ভোটাধিকার দিল ট্রাইব্যুনাল, কত নাম বাদ পড়ল?

West Bengal assembly election 2026: নির্বাচন কমিশনকে তোপ দেগে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "তিন সপ্তাহে ট্রাইব্যুনাল ১৩৬ জনের নামের নিষ্পত্তি করেছে। গরম তাওতায় জলের ছিটে দিলে যা হয়। এই ২৭ লক্ষ মানুষ কী দোষ করেছে? এই নির্বাচন কমিশনের আর নেই দরকার। এই নির্বাচন কমিশন মানুষের অধিকার হরণ করেছে।"

SIR in Bengal: ভোটের একদিন আগে ১৩৬ জনকে ভোটাধিকার দিল  ট্রাইব্যুনাল, কত নাম বাদ পড়ল?
বুধবার ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 22, 2026 | 10:10 AM

কলকাতা: সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ‘পাশ’ করবেন যাঁরা, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে পাশ করা কতজন প্রথম দফায় ভোট দিতে পারবেন? কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা বলছে, মাত্র ১৩৬ জনকে ট্রাইব্যুনালে পাশ হয়ে প্রথম দফায় ভোট দেওয়ার অধিকার পেলেন। আবার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের মধ্যে ২ জন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন।

এদিন ভোররাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তোপ দেগে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “তিন সপ্তাহে ট্রাইব্যুনাল ১৩৬ জনের নামের নিষ্পত্তি করেছে। গরম তাওতায় জলের ছিটে দিলে যা হয়। এই ২৭ লক্ষ মানুষ কী দোষ করেছে? এই নির্বাচন কমিশনের আর নেই দরকার। এই নির্বাচন কমিশন মানুষের অধিকার হরণ করেছে।”

কী বলেছিল সুপ্রিম কোর্ট?

গত ২৮ ফেব্রুয়ারি বাংলায় এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন ছিল। জুডিশিয়াল অফিসাররা সেইসব নামের নিষ্পত্তি করে। বিবেচনাধীনের তালিকায় থাকা যে ভোটারদের নাম বিচারকদের নির্দেশে ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেন। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দেয়, ট্রাইব্যুনাল ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন। আর ২৭ এপ্রিল ট্রাইব্যুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।

সেইমতো ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা এদিন ভোররাতে প্রকাশ করে কমিশন। তবে মাত্র ১৩৬ জনের নাম ওঠা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। আবার ট্রাইব্যুনাল বলেছিল, নামের নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারদের সঙ্গে কথা না বলে কারও নাম বাদ দেওয়া হবে না। অথচ, এদিন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তা কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “তথ্য প্রমাণের অভাবে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এখন যাঁরা তথ্য দিতে পারছেন, তাঁদের নাম ভোটার তালিকায় থাকছে। তৃণমূল ভাবছে, ২৭ লক্ষ আবেদনকারীর নামই থাকবে। তাহলে কেন বাদ পড়ল? জুডিশিয়াল অফিসাররা সবদিক খতিয়ে দেখছেন।”

Follow Us