
হরিদেবপুর: হরিদেবপুরে ভয়াবহ ঘটনা। ছেলের হাতে ‘খুন’ হলেন মা। শ্বাসরোধ করে মা-কে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মা। সূত্রের খবর, চিকিৎসার খরচ টানতে পারছিলেন না ছেলে। তাই শেষপর্যন্ত ছেলের হাতে চরম পরিণতি হল মায়ের। হরিদেবপুর থানা এলাকার লাল মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
মৃতের নাম উমারানী ঘোষ (৮৫)। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ। জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ হরিদেবপুরের হাফিজ মহম্মদ ইসহাক রোডের বাড়িতে সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে বছর ৬৫-র সাগরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে হরিদেবপুর থানার পুলিশ।
ঘটনার তদন্তে হোমিসাইড বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছেন তাঁরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত আসছে…