
কলকাতা: ১১.২৮ মিনিটে ভাবনীভবন থেকে বেরিয়ে সোজা ধরেছিলেন কালীঘাটের রাস্তা। চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরইমধ্যে এল নতুন খবর। অভিষেককে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন সিআইডি-র তদন্তকারীরা। সে কারণেই আগামী ১৪ তারিখ বেলা ১২টার সময় ফের তাঁকে তলব করেছে সিআইডি।
সই জালিয়াতি কাণ্ডে এর আগে তিন তিনবার অভিষেককে ডেকে পাঠিয়েছিল সিআইডি। হাজিরা দেননি অভিষেক। শেষে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই দিল্লি থেকে ফিরে সোজা বাড়ি ঘুরে ভবানীভবনে চলে যান অভিষেক। রাতে সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তাঁকে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন করলেও কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি অভিষেক। একেবারে স্পিকটি নট! গাড়ির কাচ পর্যন্ত নামাতে দেখা যায়নি।
সূত্রের খবর, অভিষেকের দেওয়া জবাবে অসন্তুষ্ট সিআইডি-র তদন্তকারীরা। একাধিক প্রশ্নের তিনি সঠিক উত্তর দেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। জবাবে অসঙ্গতি থাকাতেই ফের তাঁকে আরও একবার হাজিরা দেওয়ার জন্য বলা হচ্ছে। অন্যদিকে যে রেজোলিউশন নিয়ে এত শোরগোল সেই রেজোলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কোনও তথ্য অভিষেক তদন্তকারীদের দিতে পারেননি বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রায় সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদে বারবার তাঁর কাছে এই নির্দিষ্ট বিষয়েই জানতে চাওয়া হয়। কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি ‘জানি না’, ‘তার পক্ষে বলা সম্ভব নয়’, ‘বলতে পারব না’, এই জাতীয় উত্তর দিয়েছেন। সূত্র মারফত এও জানা যাচ্ছে, এই মামলার তদন্তে সিআইডি যে টিম গঠন করেছে সেই টিমের অনেক অফিসারই ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করেন অভিষেককে। কিন্তু তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি অভিষেক। এড়িয়ে গিয়েছেন বেশ কিছু প্রশ্ন। সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারছেন না সিআইডি-র তদন্তকারীরা।