
কলকাতা: রাজ্যে পঞ্চম এনকাউন্টার। এনকাউন্টারে খতম রতন শেখ। শান্তিনিকেতন থানার লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি। তারপর থেকে অধরা ছিলেন অভিযুক্ত রতন শেখ। রবিবার সন্ধ্যায় এনকাউন্টারে খতম রতন শেখ। সে সময়ে কলকাতায় ছট পুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পঞ্চম এনকাউন্টারের কথা সাংবাদিকদের থেকেই শোনেন তিনি। বলেন, তাঁর কাছে মোবাইল ছিল না, তিনি গঙ্গায় ছিলেন। তিনি খবরটা জানতেন না।
খবর শোনার পর মুখ্যমন্ত্রী বললেন, “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। বিশ্বজিৎকে যখন গুলি করেছিল, বিশ্বজিতের উচিত ছিল। বিশ্বজিৎ হয়তো সে সময়ে পারেনি, কিংবা সময় দেয়নি। পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?”
বারুইপুরের ধর্ষণ-খুনের ঘটনার পর বাংলা প্রথম দেখেছিল এনকাউন্টার। এরপর মুর্শিদাবাদ, গাইঘাটা, রায়গঞ্জ! এবার তাতে পঞ্চম সংযোজন বীরভূম। শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার এনকাউন্টার।
এনকাউন্টারের প্রসঙ্গ উত্থাপনে মুখ্যমন্ত্রী আরও একবার সচেতন করলেন, “বাংলায় ধর্ষক, খুনি, গুন্ডাদের কোনও স্থান নেই। এটা মাথায় রেখে চলুন। পুলিশকে কেউ গুলি করলে, যে পুলিশ অন স্পট রয়েছে, তিনি ব্যবস্থা নেবেন। সব গুন্ডা এখান থেকে পালাও। সব ভাগো, বাংলাদেশ ভাগো। ইহা রহনা তো, যো করনা হ্যয়, করুঙ্গা।”