
কলকাতা: রাজ্যে আবারও আক্রান্ত আইনজীবীরা। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের পর এবার আক্রান্ত শামিম আহমেদ। ঘর ছাড়াদের ফেরাতে পশ্চিম মেদিনীপুরের বেনাচাপড়া থেকে ফেরার পথে আইনজীবীদের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন তিনজন। সেই শামিম আহমেদই টিভি ৯ বাংলার মুখোমুখি হয়ে জানালেন গোটা বিষয়টি।
আইনজীবী জানিয়েছেন প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে বেনাচাপড়ায় প্রচুর পরিবার ঘরছাড়া। তিনি বলেন, “বেনাচাপড়ায় ঘর ছাড়া পরিবারগুলির বাড়িতে পুলিশ পোস্টিং আছে। তারপরও তাঁদের ফেরাতে পারছে না। এদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতেই গিয়েছিলাম। বলেছিলাম আইনি সহায়তা করব।”
এরপর তাঁর সংযোজন সমস্ত কাজ কর্ম মিটিয়ে তাঁরা যখন ফিরছিলেন, সেই সময় তাঁরা আক্রান্ত হলেন। শামিম বলেন, “সেই সময় আমরা যখন ফিরছি তখন পুলিশের সামনে আক্রমণ। প্রথম আক্রমণে একজন পুলিশ অফিসার বের করেছে। পরের আক্রমণে বাঁশ-শাবল-লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করে। একজন মহিলা আইনজীবীর শ্লীলতাহানি হয়েছে। আসলে আইনজীবীদের আক্রান্ত করে ওরা ভয় দেখাতে চাইছে যাঁরা ঘর ছাড়া। তাই আমরা আইনের লড়াই করব। এর আগে আইনজীবী আক্রান্ত হয়েছে দেখিনি। নতুন করে শুরু হয়েছে।”
কী ঘটেছিল?
কয়েকদিন আগে গড়বেতা থানার বেনাচাপড়া, খড়্কুশমা সহ বিভিন্ন এলাকাতে বামপন্থী কর্মী সমর্থকদের সাথে বিজেপির সংঘর্ষ হয়। আর তারপরেই বামপন্থী কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্ত আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান খড়্কুশমা বেনাচাপড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা। প্রায় আটটি বাড়ি পরিদর্শন করেন। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। ফেরার পথেই হামলার মুখ পড়েন তাঁরা।