
কলকাতা: বামেদের বুক স্টল বিতর্কে নয়া সংযোজন। আহিরিটোলায় বামেদের বুক স্টল খুলে দিল পুলিশ। বিজেপির অভিযোগ, মন্দির আড়াল করে বুক স্টল তৈরি করেছে বামেরা। বামেদের দাবি, পুলিশের তরফে বলা হয়েছে, কাঠামো নয়, ছাতা লাগিয়ে স্টল করতে হবে।
আহিরিটোলার একটা ছোট্ট মন্দির। সেই মন্দিরের সামনেই স্টল করছিল বামেরা। মন্দিরের সামনেই বাঁধা হয়ে গিয়েছিল বাঁশের কাঠামো। কিন্তু ষষ্ঠীর সকালে সেখানে পৌঁছে যায় পুলিশ। বামেদের দাবি, পুলিশের তরফ থেকে বলা হযেছে, কোনও রকমের কাঠামো তৈরি করে স্টল করা যাবে না। সেরকম হলে ছাতা লাগিয়ে বসতে পারেন বাম কর্মী সমর্থকরা।
এক সিপিএম কর্মী বলেন, “থানায় গিয়েছিলাম। আমাদের কোনও কথা শোনার ব্যাপার নেই। থানার বড়বাবুই বলে দিলেন স্টল করা যাবে না। বললেন, আপনারা যা বলেছিলেন, সেটাই ভদ্রলোকের এক কথা। আমরা বললাম, মেইল করতে বলা হয়েছিল, মেইল করেছি। সেই মেইলে কিন্তু ছাতার উল্লেখ করিনি। কারণ ততক্ষণে ডেকরেটর পেলাম না। মেইলে আছে, আমরা কখন স্টল খুলব, কবে পর্যন্ত স্টল চলবে, সবকিছু। বলল না, ওটা ভদ্রলোকের চুক্তি, যেটা ফাইনাল বলে গিয়েছেন, সেটাই হবে।”
বিজেপি কর্মী বলেন, “আমরা বলেছি, মন্দির গার্ড করে কিছু হবে না। কুলাঙ্গার সরকার চলে গিয়েছে। সনাতনী সরকার এসেছে। আমরা বলেছি একটা ছাতা নিয়ে চেয়ার নিয়ে বসো।”