
কলকাতা: ভোটের পর হিংসা ঠেকাতে জিরো টলারেন্স নীতি পুলিশ ও বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীকে পাশে নিয়ে শান্তির আশ্বাস পুলিশ কমিশনার অজয় নন্দার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বুলডোজার নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে পুলিশের। পাশাপাশি পুলিশ কর্মী আধিকারিকদেরও বার্তা দেওয়া হয়েছে, কর্তব্যে গাফিলতি হলেই অফিসারকে শাস্তির মুখে পড়তে হবে।
সিপি জানিয়ে দিয়েছেন, নিউমার্কেটে বুলডোজারের ঘটনায় পুলিশ অফিসারের শাস্তি হবে। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।
এদিনের সাংবাদিক বৈঠকে, পুলিশকে পাশে নিয়ে বাহিনীর তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, কারোর কোনও ক্ষতি হবে না। কেন্দ্রীয় বাহিনীর তরফে এক আধিকারিক বলেন, “সুরক্ষার জন্য যা করার করা হবে। আমরা সতর্ক আছি। কোনও নাগরিক যেন ভয় না পান। কোথাও কোনও ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এমন নয়। আমরা সতর্ক রয়েছি। আমাদের যা করণীয়, সেটা করছি।” তিনি জানান, এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে।
ইতিমধ্যেই ৮০ জন গ্রেফতার, উদ্ধার প্রচুর অস্ত্র। কলকাতার সিপি বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।” যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। কলকাতার সিপি জানান, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ।