
কলকাতা: তৃণমূল ২৩৪ আসনে জিতে আবারও বাংলায় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা ছিল অখিলেশ যাদবের। তবে ২৩৪ তো দূরের কথা, ১০০-র গণ্ডীও পেরতে পারেনি ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে এলেন অখিলেশ যাদব। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বাংলার ভোট নিয়ে সরব হলেন তিনি।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনকে পাশে নিয়ে অখিলেশ বলেন, “নির্বাচনে বেইমানি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখন তিনি জিতেছেন। তবে এবার বিজেপি, কমিশন, ওদের সঙ্গী, আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে, তা বেইমানি।” তিনি আরও বলেন, “বিজেপি উত্তর প্রদেশে বেইমানির ট্রায়াল দিয়েছিল। পুরো ভোট লুটে নিয়েছে। বাংলায় সেটাই করল।”
অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তর প্রদেশে যখন ভোট হয়েছে, তখন কোনও অফিসারকে সরানো হয়নি, আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে মন্তব্য করেন অখিলেশ। তাঁর কথায়, এখন আগে রেজাল্ট বেরোয়, তারপর গণনা হয়, তারপর ভোটট হয়, তারপর ভোটার লিস্ট ঠিক হবে।
একইসঙ্গে সপা নেতা এও বলেন, “মহিলারা এগিয়ে যাক কখনও দেখতে পারে বিজেপি। এরা ক্ষমতার জন্য অনেক দূর যেতে পারে। আমরা দিদির লড়াইতে পাশে আছি। দেশের মানুষ জাগবেই। এভাবেই বিজেপির এই আগ্রাসন রুখে দেওয়া যাবে।” সংসদেও বাংলার ভোটের ইস্যু তুলবেন বলে জানিয়েছেন অখিলেশ।
মমতার হারের পর রাজনৈতিক মহলের চর্চায় বারবার উঠে আসছে ইন্ডিয়া জোটের ভবিষ্য়তের কথা। শুধু তৃণমূল নয়, তামিলনাড়ুতে হেরে গিয়েছে ইন্ডিয়া জোটের আরও এক বড় শরিক ডিএমকে। এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তার মধ্যে এই মমতা-অখিলেশ সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।