
কলকাতা: আগামী ৫ থেকে ৮ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের এক বিপুল পরিকল্পনা গ্রহণ করেছে অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। সম্প্রতি এই মেগা প্রকল্প ও বিনিয়োগ রোডম্যাপ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। এই সুবিশাল বিনিয়োগ পরিকল্পনার অধীনে মূলত তিনটি ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, যেমন-
স্বাস্থ্যসেবা: ১,২৬০ শয্যা বিশিষ্ট ৫টি নতুন হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
হসপিটালিটি খাত: ১,০৮৭টি কক্ষ সমন্বিত ১৪টি হসপিটালিটি প্রকল্প নির্মাণ।
নগর উন্নয়ন: ৩টি বৃহৎ টাউনশিপ ডেভেলপমেন্ট বা আবাসন ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্প।
এই প্রকল্পগুলি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার বার্তা ও আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, বুধবারই নবান্নে রিয়ায়েন্স ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সূত্রের খবর, রাজ্যের বিদ্যুৎ, পরিবহন, চলচ্চিত্র শিল্প, পরিকাঠামো ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স গোষ্ঠী।