
কলকাতা: চোরবাগান সর্বজনীনে বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। পরিস্থিতির উপর নজর রাখছেন। শাহ জানান, রবিবার রাজ্যে যা কর্মসূচি ছিল, তাও আপাতত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে রবিবার রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের। সেই কর্মসূচিই বাতিল করা হয়েছে।
এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে লেখেন, “এইমাত্র চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন।”
রবিবারের সব কর্মসূচি বাতিলের কথাও জানান অমিত শাহ। লেখেন, “পশ্চিমবঙ্গে আগামীকালের আমার সমস্ত কর্মসূচি স্থগিত করে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাব। মা দুর্গার কাছে প্রার্থনা করি, সমস্ত আহত ব্যক্তি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”