
কলকাতা: জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাচ্ছেন মহিলারা। সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসেও প্রায় এক কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অগস্ট মাসেও প্রায় দেড় কোটি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। তবে, আবার অনেকেই টাকা পাননি বলে অভিযোগ তুলেছেন। এবার অন্নপূর্ণা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন সরকারকে। কোথায় অভিযোগ করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ৮২৮২০৮২৮২০। এছাড়া, ই-মেলেও অভিযোগ জানানো হবে। asap@wb.gov.in-এ অভিযোগ করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টায় অভিযোগ জানানো যাবে। অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভাব-অভিযোগ জানাতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষের মতো মহিলা অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর মাসের টাকা ট্রান্সফার করব। এবং সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।” অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছিল ১৭ অগস্ট।