Bengali Physicist Subhasish Mandal: বাংলার ছেলের আমেরিকায় কামাল, কোয়ান্টাম গবেষণায় জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন শুভাশিস মণ্ডল

Subhasish Mandal NSF CAREER Award: শুভাশিস মণ্ডলের গবেষণার মূল বিষয় হল কম্পিউটশনাল কোয়ান্টাম মেটেরিয়ালস (Computational Quantum Materials) এবং কনডেনসড ম্যাটার ফিজিক্স (Condensed Matter Physics)। তাঁর গবেষণার লক্ষ্য হল ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তির জন্য নতুন ধরনের পদার্থ খুঁজে বের করা এবং সেগুলি ডিজাইন করার জন্য কম্পিউটারভিত্তিক পদ্ধতি তৈরি করা।

Bengali Physicist Subhasish Mandal: বাংলার ছেলের আমেরিকায় কামাল, কোয়ান্টাম গবেষণায় জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন শুভাশিস মণ্ডল
বাঙালি গবেষক শুভাশিষ মণ্ডল। Image Credit source: TV9 বাংলা

|

Nov 23, 2026 | 9:37 PM

নিউ ইয়র্ক: মার্কিন মুলুকেও জয়জয়কার বাঙালি ছেলের। কোয়ান্টাম প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাঙালি পদার্থবিজ্ঞানী শুভাশিস মণ্ডল। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের (WVU) পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শুভাশিস মণ্ডল। ২০২৬ সালে তাঁকে দুটি গুরুত্বপূর্ণ সম্মান দেওয়া হল তাঁর গবেষণার জন্য। একটি হল মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের (NSF) কেরিয়ার অ্যাওয়ার্ড (CAREER Award) এবং আরেকটি হল কট্রেল স্কলার (Cottrell Scholar) সম্মান।

জানা গিয়েছে, শুভাশিস মণ্ডলের গবেষণার মূল বিষয় হল কম্পিউটশনাল কোয়ান্টাম মেটেরিয়ালস (Computational Quantum Materials) এবং কনডেনসড ম্যাটার ফিজিক্স (Condensed Matter Physics)। তাঁর গবেষণার লক্ষ্য হল ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তির জন্য নতুন ধরনের পদার্থ খুঁজে বের করা এবং সেগুলি ডিজাইন করার জন্য কম্পিউটারভিত্তিক পদ্ধতি তৈরি করা।

কী নিয়ে গবেষণা করছেন শুভাশিস?

শুভাশিস এমন কম্পিউটেশনাল টুল তৈরি করবেন, যার সাহায্যে ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তির জন্য উপযোগী পদার্থ ডিজাইন করা সম্ভব হবে। তাঁর গবেষণায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ইলেকট্রন এবং পরমাণুর কম্পনের মধ্যে মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়া কীভাবে কোনও কোয়ান্টাম পদার্থের বৈশিষ্ট্য বদলে দেয়, সেটিই তাঁর গবেষণার অন্যতম বিষয়।

কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহৃত কোয়ান্টাম স্টেট অত্যন্ত সংবেদনশীল। বাইরের পরিবেশের সামান্য পরিবর্তনেও এই স্টেট নষ্ট হয়ে যেতে পারে। তাই এমন পদার্থ খুঁজে বের করা জরুরি, যা কোয়ান্টাম স্টেটকে আরও সুরক্ষিত রাখতে পারে। শুভাশিসের গবেষণা সেই লক্ষ্যেই এগোচ্ছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়ে

শুভাশিস মণ্ডলের শিক্ষা কলকাতাতেই।  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বি.এসসি ডিগ্রি অর্জন করেন। এরপর আইআইটি মাদ্রাজ থেকে এম.এসসি এবং পিএইচ.ডি করেন। পরে মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে কাজ করার পাশাপাশি ইয়েল বিশ্ববিদ্যালয় এবং রাটগার্স বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

বর্তমানে তিনি ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের এবার্লি কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স (Eberly College of Arts and Sciences)-এর পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

শুধু এনএসএফ কেরিয়ার অ্যাওয়ার্ড (NSF CAREER Award)-ই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন শুভাশিস। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাত্র ২৪ জন তরুণ গবেষকের মধ্যে তাঁকে রিসার্চ কর্পোরেশন ফর সায়েন্স অ্যাডভান্সমেন্ট (Research Corporation for Science Advancement)-এর কট্রেল স্কলার (Cottrell Scholar) হিসাবে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানের সঙ্গে পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ডলার পুরস্কার।

নিজের গবেষণাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এই অর্থের সাহায্যে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের মধ্যে কোয়ান্টাম বিজ্ঞান শিক্ষার সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছেন শুভাশিস। কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো অত্যাধুনিক ক্ষেত্রে গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের পড়ুয়াদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার এই উদ্যোগও তাঁর কাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us