
কলকাতা: নিজের পোস্ট থেকে ‘হিন্দু’ শব্দ ডিলিট না করলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাল্টা সিপিএমের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তুললেন পাল্টা প্রশ্ন। তিনি বললেন, “আমাকে যদি শুভেন্দুবাবুর নেতারা বলেন চার্ট করে হিন্দু ভাবাবেগ বলতে ওঁরা কী বোঝেন, হিন্দু বলতে কী বোঝেন, এটা যদি নোটিফিকেশন করে দেন, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়।”
বিতর্কের সূত্রপাত বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা দিয়ে। বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ এবং মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী প্রবীণ আইনজীবীর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর ব্যাগ থেকে একের পর এক কাচের মদের বোতল বের করে সোজা বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। অশালীন মন্তব্যও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তৈরি হয় নতুন সমীকরণও। ঘটনার তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিকাশদা’কে নিয়ে লম্বা পোস্ট করেন। তাঁকে ফোনও করেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অবিভক্ত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এই সবের মাঝে বিকাশবাবুর সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয় নতুন বিতর্ক।
সিপিএম নেতা নিজের সমাজমাধ্যমে লেখেন, “আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা আমার বাড়িতে হামলা চালাল।” আর ‘হিন্দুত্ববাদী’ শব্দটিতেই প্রবল আপত্তিপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দেন, “বিকাশবাবু নিজের পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গরফা ও কসবা থানায় বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছি। বিএনএস অনুযায়ী এফআইআর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিকাশবাবুকে ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যদি আজকে পোস্ট কারেকশন করে দেন, তাহলে বেটার।” না হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পোস্টটি নামিয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও বলেছেন, “ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, বিএনএস-র ধারা অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।” তবে এসবের পরেও বিকাশবাবু বলেন, “যিনি অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে, আমি মিষ্টি পাঠিয়ে দেব। ভোটের আগে যে কথা বলেছিলাম, আমার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পালন করলেন ওঁরা।” সঙ্গে এ