
কলকাতা: ফের ভোটের বিজ্ঞপ্তি জারি হল। দেশের একাধিক রাজ্যের সঙ্গে উপ নির্বাচন হবে পশ্চিমবঙ্গেও। সোমবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Eletion Commission)। বাংলার দুই আসনে হবে ভোট। আগামী ৬ অক্টোবর ভোটের দিন নির্ধারিত হয়েছে। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।
রেজিনগর ও নন্দীগ্রাম- এই দুই আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যের দুই বিধায়ক ২০২৬-এর নির্বাচনে দুটি করে আসন থেকে লড়েছিলেন। একজন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য়জন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁদের দুই আসনেই হবে উপ নির্বাচন।
শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। পরে দুই কেন্দ্রে জয়ী হওয়ার পর নন্দীগ্রাম ছেড়ে দেন। ওই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে, নওদা ও রেজিনগর থেকে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি রেজিনগর আসনটিট ছেড়ে দেন।
পশ্চিমবঙ্গ ছাড়াও উপ নির্বাচন হবে তামিলনাড়ুর দুটি, পুদুচেরির একটি ও অসমের একটি আসনে। এই কেন্দ্রগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর ও মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ১৯ সেপ্টেম্বর। তবে বসিরহাট সংসদীয় কেন্দ্রের ভোট ঘোষণা করা হয়নি। হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে ওই কেন্দ্র ফাঁকা আছে।