Calcutta High Court: ৪ মাসের বেশি জেলে সুজিত, ইডিকে বড় নির্দেশ হাইকোর্টের

Sujit Bose Bail Hearing: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের আগে গ্রেফতার করা হয়েছিল মিডলম্যান অয়ন শীলকে। এর আগে হাইকোর্টে ইডি জানিয়েছিল, অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে দক্ষিণ দমদম পৌরসভায় বিভিন্ন সময় ১৫২ জনের চাকরির সুপারিশ করেছিলেন সুজিত বসু।

Calcutta High Court: ৪ মাসের বেশি জেলে সুজিত, ইডিকে বড় নির্দেশ হাইকোর্টের
কী বলল কলকাতা হাইকোর্ট?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 21, 2026 | 7:11 PM

কলকাতা: চার মাসের বেশি জেলে রয়েছেন তিনি। এতদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেলে রেখে কী কী তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা? তদন্ত শেষ হলে তাঁকে কি জেলে রাখার প্রয়োজনীয়তা আছে? সোমবার সুজিত বসুর জামিন মামলায় ইডির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, “বাকিরা কী অভিযোগ করছে, সেটার বাইরেও ইডির অভিযোগ এবং তদন্তের অগ্রগতি জানতে চাই।”

গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইদিন প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। হাইকোর্টে জামিনের আবেদন করেন সুজিত। এই মামলাতেই গত ১২ অগস্ট হাইকোর্টে ইডি দাবি করেছিল, পুরনিয়োগে ২৮৪ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছে। চাকরির জন্য প্রত্যেকের কাছ থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। সুজিত বসুর অ্যাকাউন্টে ৮.৮ কোটি টাকা মিলেছে বলেও দাবি করে ইডি। হাইকোর্টে তদন্তকারী সংস্থা জানিয়েছিল, সুজিতের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। শেয়ার বাজারে বড় বিনিয়োগের কথাও জানতে পেরেছেন তদন্তকারীরা।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের আগে গ্রেফতার করা হয়েছিল মিডলম্যান অয়ন শীলকে। এর আগে হাইকোর্টে ইডি জানিয়েছিল, অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে দক্ষিণ দমদম পৌরসভায় বিভিন্ন সময় ১৫২ জনের চাকরির সুপারিশ করেছিলেন সুজিত বসু।

এদিন শুনানিতে বিচারপতি কী বললেন?

সুজিতের জামিন মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন ইডির কাছে জানতে চান, সুজিত বসুকে জেলে রেখে কী কী তথ্য পেয়েছে তারা? মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। ওইদিন ইডিকে জানাতে হবে, কতদিন সুজিত বসু জেলে আছেন। এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে কী অগ্রগতি হয়েছে। তদন্ত শেষ হলে সুজিতকে জেলে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কি না, তাও জানাতে হবে ইডিকে। আগামী শুক্রবার হাইকোর্টে ইডি কী জবাব দেয়, সেটাই এখন দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us