
কলকাতা: রাজ্যের নতুন সরকার ওবিসি সংরক্ষণ (OBC Reservation) সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে, রাজ্যের ওবিসি সংরক্ষণের ভবিষ্যৎ কী হবে, সেটা বোঝা যাচ্ছে না বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি।
নতুন সরকার ক্ষমতায় এসে ৭৪টি সম্প্রদায়কে বাদ দিয়ে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সমীক্ষা না করে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। কমিশনের থেকে মতামত নেওয়া হয়নি। ফলে কীসের ভিত্তিতে তালিকা তৈরি করা হল, বা বাতিল করা হল, তা স্পষ্ট নয়।
গত ১৮ মে ৭৪টি সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়।
তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। সেইসময় বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য ওবিসি তালিকা সম্প্রসারণ করেছে। পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সম্প্রতি সেই মামলা তুলে নিয়েছে বিজেপি সরকার। ফলে, ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল থাকছে।
এদিকে, ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। বাতিল করা হয়েছে মমতার আমলের ওবিসি সংরক্ষণ নীতি। আপাতত ৬৬টি জনজাতি এই সংরক্ষণের আওতায় রয়েছে।